ভূমি কমিশন: তিন পার্বত্য জেলায় হরতাল চলছে

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৩:০৭
 
পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের বৈঠকের প্রতিবাদে পাঁচটি বাঙালি সংগঠনের ডাকে রাঙ্গামাটিসহ তিন পার্বত্য জেলায় রবিবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে।
 
রাঙ্গামাটি শহরের রাস্তায় রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটাররা বিক্ষোভ করছে। সকাল থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলার অভ্যন্তরীণ নৌ-পথের ছয়টি রুটে কোন নৌযান চলাচল করছে না। শহরের তবলছড়ি, রিজার্ভ বাজার, বনরূপা, কলেজ গেইট এলাকায় সকল দোকান পাট বন্ধ রয়েছে। বাঙ্গালী সংগঠন গুলোর নেতাকর্মীরা রাঙ্গামাটি শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে পিকেটিং করছে। তারা রাঙ্গামাটি প্রবেশ মুখ মানিকছড়ি ও কলেজ গেইটে বেশ কয়েকটি গাড়ি আটকে দিয়েছে।
 
এদিকে শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
গত ১ আগস্ট ঢাকায় পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের বিষয়ে মন্ত্রী সভায় অনুমোদন দেয়ার পর পার্বত্য অঞ্চলের পাঁচটি বাঙালি সংগঠন বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন এবং গত ১০ ও ১১ আগস্ট ৩৬ ঘণ্টা হরতালের ডাক দেয়।
 
সংগঠনগুলো হলো-পার্বত্য সমঅধিকার আন্দোলন, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য গণ পরিষদ, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদ।
 
ইত্তেফাক/এএসএস