পূর্ব শত্রুতা ও জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত দেওয়ান উদ্দিনকে (৫০) ঢাকায় পাঠানো হয়েছে।
আজ রবিবার দুপুরে সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের গড়েরপাড় ও উত্তর পাড়ার বাসিন্দাদের মধ্যে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উত্তর পাড়ের মালু মুন্সি (৬০) ও গড়ের পাড়ের দেওয়ান উদ্দিনের (৫০) মধ্যে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মামলা মোকদ্দমাও হয়েছে। অতিসম্প্রতি মালু মুন্সিকে দেওয়ান উদ্দিন হুমকি দিচ্ছে উল্লেখ করে থানায় অভিযোগ দেন। সরাইল থানার উপ-পরিদর্শক মো. মজিবুর রহমান রবিবার সকালে ওই এলাকা ঘুরে বিষয়টি তদন্ত করে আসেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুপুর ১২টায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। স্থানীয় নিরপেক্ষ লোকদের হস্তক্ষেপে দুপুর ১টায় পরিস্থিতি শান্ত হয়।
ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের অন্তত ২০ জন লোক আহত হয়। গুরুতর আহত দেওয়ান উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। আর মালু মুন্সিকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সরাইল হাসপাতালে চিকিৎসা নেয়া আহতরা হলেন- বাবুল মিয়া (৫০), রুবেল (২২), ফুল মিয়া (৫৫) ও খোকন (২২)। বাকী আহতরা পুলিশি গ্রেপ্তারের ভয়ে চিকিৎসা নিয়ে দ্রুত চলে গেছে। অফিসার ইনচার্জ রুপক কুমার সাহা বলেন, এটা পূর্ব বিরোধের জের। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
