বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ৪’শ ৯৮ কেজি গান পাউডার (বিস্ফোরক দ্রব্য) জব্দ করেছে। যার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।
রবিবার দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্তের চেংগ্রাম এলাকা থেকে ১০টি বস্তায় এসব বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়।
বিজিবি’র স্থানীয় বাসুদেবপুর ক্যাম্পের সুবেদার মো. রফিকুল ইসলাম বলেন, ভোর ৫টায় ভারত থেকে গান পাউডার পাচার হয়ে দেশে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তের চেংগ্রাম এলাকায় অভিযান চালায়। বিজিবি’র অভিযান টের পেয়ে চোরাকারবারীরা প্লাস্টিকের ১০টি বস্তায় ভর্তি ৪’শ ৯৮ কেজি গান পাউডার (বিস্ফোরক দ্রব্য) ফেলে পালিয়ে যায়। পরে সেটি জব্দ করা হয়। বিজিবি সদস্যদের ধারণা গান পাউডারগুলো দিয়ে বোমা ও ককটেল তৈরি করে দেশের অভ্যন্তরে নাশকতার কাজে ব্যবহার করার জন্য এগুলো ভারত থেকে পাচার করে দেশে আনা হচ্ছিল। তবে বিজিবি’র অভিযানে সেটি নসাৎ হয়ে গেছে।
একদিকে একই দিন পৃথক অভিযানে বিজিবি সদস্যরা সীমান্তের নওপাড়া থেকে ২৭০ বোতল ফেন্সিডিল জব্দ করেছে।
