টুটুল হত্যাচেষ্টা: সন্দেহভাজন জঙ্গি সবুর রিমান্ডে

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩৪
প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী টুটুল হত্যাচেষ্টা মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের সন্দেহভাজন সদস‌্য আবদুস সবুরকে জিজ্ঞাসাবাদের জন্য ছয়দিনের হেফাজতে পেয়েছে গোয়েন্দা পুলিশ।
 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান রবিবার জানান, এই মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক বাহাউদ্দীন আসামিকে দশ দিনের রিমান্ডের আবেদন জনিয়ে আদালতে পাঠায়। আদালত শুনানি শেষে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
পুলিশ বলছে, কুমিল্লার নাঙ্গলকোট থানার ঢালুয়া ইউনিয়নের ইদ্রিস পাটোয়ারির ছেলে সবুর ওরফে সামাদ, ওরফে সুজন, ওরফে রাজু ওরফে সাদ টুটুল হত্যাচেষ্টায় জড়িত আনসারুল্লাহ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া, ঘটনাস্থল রেকি করা এবং হামলা পরিকল্পনা তৈরি করা ছাড়াও ওই ঘটনার সার্বিক দায়িত্বে ছিলেন।
 
সবুরকে প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যাকাণ্ডেরও ‘অন‌্যতম’ হোতা বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
 
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল শনিবার সকালে টঙ্গী রেলওয়ে স্টেশন থেকে সবুরকে গ্রেপ্তার করে। রবিবার পুলিশের এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানানো হয়।
 
 
ইত্তেফাক/এমআই