কুমিল্লায় ভাতিজিকে হত্যার দায়ে চাচা আবদুল কাদেরের (২৫) ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
রবিবার কুমিল্লার জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নূরনাহার বেগম শিউলী এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আবদুল কাদের জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর তেতাভূমি গ্রামের লিলু মিয়ার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০০৫ সালের ২৮ নভেম্বর জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর তেতাভূমি গ্রামের মো. আলমের মেয়ে সোনিয়া আক্তারকে (১০) তার আপন চাচা আবদুল কাদের পরিকল্পিতভাবে হত্যা করে। পরে তার লাশ গুম করার জন্য একটি চটের বস্তায় ভর্তি করে অন্যত্র নিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজন দেখে কাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় সোনিয়ার বাবা মো. আলম বাদী হয়ে পরদিন ব্রাহ্মণপাড়া থানায় আবদুল কাদেরকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
ইত্তেফাক/ইউবি
