টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়ন ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। নিহতের নাম কবির হোসেন। কবির হেমনগর ইউনিয়ন ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
এলাকাবাসী জানান, হেমনগর ডিগ্রি কলেজের ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে ইউনিয়ন ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। গত শনিবার উভয় পক্ষ দ্বন্দ্ব নিরসনে হেমনগর কলেজ পাড়ায় বসার কথা ছিল। সোহেল গ্রুপের সমর্থক নিহত কবির কর্মী-সমর্থকদের নিয়ে সেখানে হাজির হলে ছাত্রলীগের হেমনগর-শিমলা পাড়া গ্রুপ অতর্কিতে তাদের উপর হামলা চালায়। এতে কবিরসহ পাঁচ জন আহত হন। গুরুতর আহত কবিরকে প্রথমে গোপালপুর হাসপাতাল, পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসাপাতালে নেয়া হয়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হলে গত রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে স্থানান্তর করা হয়। আজ রবিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজে তিনি মারা যান।
নিহত কবিরের বাড়ি হেমনগর ইউনিয়নের ভোলারপাড়া গ্রামে। তিনি ফজলুর রহমান ফজুর ছেলে।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
