স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর থেকে দেশের মুক্তিযোদ্ধারা ছিল অবহেলিত। একই সঙ্গে বীরাঙ্গনা মাতাদের সম্মান দেয়া তো দূরের কথা তাদের দুঃখ কষ্টের খোঁজ খবর নেয়া হয়নি।
রবিবার দুপুরে সিরাজগঞ্জে বীরাঙ্গনা মাতাদের অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধাদের বীরের সম্মানে বসিয়েছেন। বোনের ভালোবাসা ও মায়ের মমতা দিয়ে তিনি এই বীরদের সম্মান করে চলেছেন। বিএনপি-জামায়াত আমলে অনেক মুক্তিযোদ্ধা টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা গেছেন। কিন্তু বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সম্পূর্ন বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করাসহ নানা সুযোগ সুবিধা দেয়া হয়েছে। শুধু মুক্তিযোদ্ধা নয়, তাদের প্রজন্মদেরকেও সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে। বীরাঙ্গনা মাতাদের মুক্তিযোদ্ধার সম্মানে সম্মানিত করা হয়েছে। যতদিন এই মুক্তিযোদ্ধারা বেচে থাকবেন রাষ্ট্র তাদের সম্মান করেই যাবে।
সোস্যাল ব্যাংক লিমিটেডের অর্থায়নে জেলা প্রশাসক বিল্লাল হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী, পৌর মেয়র আব্দুর রউফ মুক্তা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সুর্য্য, কে এম হোসেন আলী হাসান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিকুল ইসলাম শফি, শহর আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলী, সোস্যাল ব্যাংকের ম্যানিজিং ডিরেক্টর আবু ফরহাদ আহমদ, বীরাঙ্গনাদের পক্ষে সিরাজগঞ্জের সূর্য্য বেগম, কুড়িগ্রামের আসমা বেগম প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
