নারায়ণগঞ্জের শিক্ষক লাঞ্ছনায় বিচারিক তদন্ত শুরু

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৩৯
ধর্ম অবমাননার অভিযোগ তুলে নারায়ণগঞ্জের স্কুলশিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি কাজ শুরু করেছে।
 
রবিবার হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ এ তথ্য জানান।
 
তিনি বলেন, হাইকোর্টের আদেশে গত বুধবার থেকে বিচারিক তদন্ত কাজ শুরু করেছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান। এর মধ্যে প্রকাশিত সংবাদের কপি চেয়ে বিভিন্ন সংবাদপত্র ও টিভিতে চিঠি পাঠানো হয়েছে।
 
হাকিম শেখ হাফিজ শিগগিরই নারায়ণগঞ্জ যাবেন বলেও জানান সাব্বির ফয়েজ।
 
গণমাধ‌্যমে পাঠানো চিঠিতে বলা হয়, ‘সুষ্ঠু তদন্তের স্বার্থে উক্ত ঘটনার বিষয়ে আপনার পত্রিকয় গত ১৮-মে তারিখে প্রকাশিত প্রতিবেদনসহ বিভিন্ন তারিখের প্রকাশিত সংশ্লিষ্ট সকল প্রতিবেদন নিম্ন স্বাক্ষরকারী বরাবর ৭ কার্যদিবসের মধ্যে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।’
 
ধর্ম অবমাননার অভিযোগ তুলে নারায়ণগঞ্জের স্কুল শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করার ঘটনায় পুলিশ প্রকৃত দোষীদের চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে মন্তব্য করে পুরো ঘটনা বিচারিক তদন্তে গত ১০ অগাস্ট নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
 
তিন মাস আগের ওই ঘটনা তদন্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিমকে আগামী ৩ নভেম্বরে মধ্যে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আগামী ৬ নভেম্বর প্রয়োজনীয় আদেশের জন্য বিষয়টি আসবে বলে আদেশে জানায় হাইকোর্ট।
 
নারায়ণগঞ্জের স্কুলশিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনায় মন্ত্রী থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এ কে এম সেলিম ওসমানের শাস্তি দাবি করলেও পুলিশ তদন্ত করে ৭ অাগস্ট আদালতে যে প্রতিবেদন দেয়, তাতে বলা হয়, ওই ঘটনায় এই সংসদ সদস্যের কোনো দোষ তারা পায়নি। বিডিনিউজ।