জাতীয় লিগ শুরু ২৫ সেপ্টেম্বর

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ২০:১১
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) মাঠে গড়াবে ২৫ সেপ্টেম্বর। বরাবরের মতো ৮টি দল নিয়ে আয়োজিত হবে দেশের এই প্রথম ফার্স্ট ক্লাশ টুর্নামেন্ট। এই প্রতিযোগিতার খেলাগুলো হবে ঢাকা এবং চট্টগ্রাম ব্যতিত যে কোন ৬/৭টি ভেন্যুতে। 
 
রবিবার লিগ কমিটির বৈঠক শেষে এমনটি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সাইফুল আলম স্বপন চৌধুরী। এদিনের বৈঠকে খেলোয়াড়দের ম্যাচ ফি বাড়ানোর ব্যাপারেও আলোচনা হয়। তবে পরবর্তী সভায় এব্যাপারে সিদ্ধান্ত হবে। 
 
মিরপুরে এনসিএলের আয়োজন নিয়ে বৈঠক শেষে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান বলেন, ‘জাতীয় ক্রিকেট লিগ নিয়ে আজকে সিদ্ধান্ত হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে জাতীয় ক্রিকেট লিগ অনুষ্ঠিত হবে।’  ঈদের পরে আফগানিস্তান এবং ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ থাকায় ঢাকা ও চট্টগ্রামের ভেন্যুগুলো ব্যস্ত থাকবে। যার কারণে এই ভেন্যুগুলো ছাড়া অন্য যে কোন সাত থেকে আটটি ভেন্যুতে লংগার ভার্সনের এই টুর্নামেন্টের খেলাগুলো হবে জানিয়ে স্বপন বলেন, ‘দুটি গুরুত্বপূর্ণ সিরিজ থাকায় ঢাকা ও চট্টগ্রামের বাইরে লিগের খেলাগুলো হবে। সেই ক্ষেত্রে রাজশাহী, বগুড়া, খুলনা, ফতুল্লা ও বিকেএসপিতে খেলাগুলো অনুষ্ঠিত হবে।’ 
 
ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে ক্রিকেটারদের প্রস্তুতির কথা চিন্তা করে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এগিয়ে নিয়ে এমাসেই আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিলো বিসিবি। কিন্তু ইংল্যান্ড সিরিজের আগে আফগানিস্তানের বিপক্ষে আরেকটি হোম সিরিজ চূড়ান্ত হওয়ায় বিসিএল পেছানো হয়েছে।
 
বিসিএল কখন হবে জানতে চাইলে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান স্বপন বলেন, ‘বিপিএলের পরে বিসিএল হবে।’ তবে আকরাম খান বলেন, ‘আমরা একটা গ্যাপে বিসিএল শুরু করবো।’
ইত্তেফাক/এসএসএ