বগুড়ায় আন্তঃজেলা পথ নাট্যোৎসবে তিনটি নাটক মঞ্চায়িত

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ২০:৪৪
বগুড়ার সাতমাথায় কলেজ থিয়েটার বগুড়া আয়োজিত তিন দিনব্যাপী আন্তঃজেলা পথ নাট্যোৎসবের দ্বিতীয় দিন রবিবার তিনটি নাটক মঞ্চায়িত হয়েছে।
 
রবিবার বিকাল সাড়ে পাঁচটায় প্রথমেই নওগাঁর চৌপাশ নাট্যাঞ্চল রাজা ফকির রচিত ও নির্দেশিত ‘উঁইপোকা’ মঞ্চায়ন করে। এরপর বগুড়া থিয়েটার মঞ্চায়ন করে নাটক ‘বাসন’। নাটকটির রচনা করেছেন নাট্যাচার্য ড. সেলিম আল দীন এবং নির্দেশনা দিয়েছেন নাট্যজন তৌফিক হাসান ময়না। শেষে নান্দনিক নাট্যদল ‘বর্ণচোর’ নাটক মঞ্চায়ন করে। নাটকটির রচনা নাট্যজন মমতাজ উদ্দীন আহম্মদ এবং নির্দেশনা দিয়েছেন খলিলুর রহমান চৌধুরী। 
 
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সাদেকুর রহমান সুজন এবং নৃত্য পরিবেশন করেন রাখি খাতুন। 
 
শেষ নাটকটি মঞ্চায়নের আগে দ্বিতীয় দিনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ থিয়েটারের সভাপতি আমজাদ হোসেন শোভন। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা পরিষদ প্রশাসক ডা. মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. মীর ত্বাইফ মামুন মজিদ, বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আব্দুল হান্নান, কলেজ থিয়েটারের সমন্বয়কারী বিধান রায়, সহ-সভাপতি শোভন চন্দ্র সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক তপন কুমার পাটোয়ারী। আলোচনা সভা সঞ্চালনা করেন সিজুল ইসলাম।
 
ইত্তেফাক/ইউবি