জয়পুরহাটে ধর্মযাজককে চাঁদা দাবি, পত্রদাতা গ্রেফতার

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ২৩:১৩
বিদেশী এক ধর্মযাজককে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে উড়ো চিঠি দেওয়া হয়েছে। এই ঘটনার রবিবার জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের হয়। মামলার পর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে পুলিশ গ্রেফতার করে।
 
সদর থানার ওসি ফরিদ হোসেন জানায়, জয়পুরহাট শহরের খঞ্জনপুর এলাকার মাহালিপাড়ার ক্যাথলিক চার্চ মিশনের প্রধান পোল্যান্ডের নাগরিক মি. পাওয়েলকে শনিবার বিকালে একটি চিঠি দেওয়া হয়েছে। চিঠিটি তার হাতে তুলে দেয় একই প্রতিষ্ঠানের কর্মচারী সুনিল টুডু (৩৫)।
 
চিঠিতে মি. পাওয়েলকে  সম্বোধন করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে তাকে প্রানে মেরে ফেলা হবে এমন হুমকিও দেওয়া হয় চিঠিতে। এই চিঠি পাওয়ার পরে মি. পাওয়েল সুনিল টুডুকে এই চিঠি কে দিয়েছে জানতে চান। সুনিল জানায়, শুক্রবার সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কুজিশহর এলাকা থেকে আসার পথে পাগড়ি ও পায়জামা-পাঞ্জাবি পরিহিত যুবক তাকে থামিয়ে তার হাতে একটি চিঠি ধরিয়ে দেয়।
 
মি. পাওয়েল রবিবার দুপুরে সুনিল টুডুকে সঙ্গে নিয়ে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং ৩ তারিখ ০৪/০৯/২০১৬ই। মামলার প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে। সুনিল টুডুই এই চিঠি লিখে মি. পাওয়েলকে দিয়েছে পুলিশের এমন সন্দেহ হলে তাকে রবিবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে সুনিল টুডু পুলিশের কাছে ঘটনার সত্যতা জানিয়ে নিজের দোষ স্বীকার করে।
 
পুলিশ জানায় সুনিল টুডু তার পিতা সুভাষ টুডুর ৬ লক্ষাধিক টাকা দেনা পরিশোধের জন্যই এ ধরনের চিঠি লিখে মি. পাওয়েলকে দেয়। এরপর রবিবার বিকেলে পুলিশ সুনিল টুডুকে জয়পুরহাটের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল বাহারের আদালতে হাজির করলে সে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়ে দোষ স্বীকার করে।
 
ইত্তেফাক/এএন