বুড়িগঙ্গা দূষণমুক্ত রাখতে নৌকাবাইচ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ০০:৫১
কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত রাখতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার কেরানীগঞ্জের হাসনাবাদ, মিরেরবাগ ও দোলেশ্বর, পোস্তগোলা, আলীনগর, শ্যামপুর এলাকাসহ দূর-দূরান্ত থেকে অর্ধলক্ষাধিক মানুষ জড়ো হয় বুড়িগঙ্গার পাড়ে। বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ওপরে ছিল কয়েক হাজার নারী-পুরুষ, শিশুসহ নানা বয়সের মানুষের ঢল। এছাড়া অনেকে বাইচ দেখতে বুড়িগঙ্গায় ছোট-বড় ট্রলার ও ইঞ্জিন নৌকায় উঠে পড়েন।
 
বাংলাদেশ রোইং ফেডারেশনের উদ্যোগে ‘চুং-হুয়া ৪০তম জাতীয় নৌকাবাইচ’ শুরু হয় দুপুরে। পাগলা ঘাট থেকে শুরু হয়ে পোস্তগোলা এলাকায় বাংলাদেশ-চীন মৈত্রী সেতু সংলগ্ন আরই ব্যাটালিয়ন জেটির সামনে বাইচ শেষ হয়।
 
নৌকাবাইচ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। বিশেষ অতিথি ছিলেন চুং-হুয়া অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান একেএম আফজানুল মুনীর। বাংলাদেশ রোইং ফেডারেশনের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কায়ছারের সভাপতিত্বে নৌকাবাইচের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য রুহুল আমিন, ফেডারেশনের সহ-সভাপতি মুনিরুল আলম, সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রমুখ।
 
 
ইত্তেফাক/এএন