আজারবাইজানের বাকুতে দাবা অলিম্পিয়াডের দ্বিতীয় রাউন্ডে নরওয়ের কাছে হারার পর তৃতীয় রাউন্ডে উভয় বিভাগে আবারো জয় পেয়েছে বাংলাদেশ। আজারবাইজানের স্থানীয় সময় রবিবার উন্মুক্ত বিভাগে জর্ডানের বিপক্ষে ৩.৫-০.৫ পয়েন্ট ব্যবধানে জয় পায় বাংলাদেশ। অন্যদিকে মেয়েদের বিভাগে উরুগুয়ের বিপক্ষে ২.৫-১.৫ পয়েন্টে জিতেছে বাংলাদেশ।
তৃতীয় রাউন্ডের উন্মুক্ত বিভাগে তিন গ্র্যান্ডমাস্টারের মধ্যে এনামুল হোসেন রাজীব ও জিয়াউর রহমান জিতেছেন; ড্র করেছেন আব্দুল্লাহ আল রাকিব। জিতেছেন ইন্টারন্যাশনাল মাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন। উন্মুক্ত বিভাগে ৪ ম্যাচ পয়েন্ট নিয়ে ১৮০ দেশের মধ্যে ৫৩তম স্থানে থাকা বাংলাদেশ চতুর্থ রাউন্ডে আলবেনিয়ার বিপক্ষে খেলবে।
এদিকে মেয়েদের বিভাগে বাংলাদেশের মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার শামীমা আক্তার লিজা জেতেন। তিন মহিলা ফিদে মাস্টার শারমিন সুলতানা শিরিন, নাজরানা খান ও জাকিয়া সুলতানা ড্র করেন।
মেয়েদের বিভাগে ৪ ম্যাচ পয়েন্ট নিয়ে ১৪০ দেশের মধ্যে ৫০তম স্থানে থাকা বাংলাদেশ চতুর্থ রাউন্ডে খেলবে তুরস্কের বিপক্ষে।
ইত্তেফাক/আরএ
