ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন প্রস্তাব দ্বি-স্তর টেস্টের সমর্থন দিয়ে বড় ফরম্যাটে ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট দল।
যুদ্ধ বিধস্ত দেশ আফগানিস্তানের টেস্ট খেলার আগ্রহের কথা জানিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী শফিক স্তানিকজাই। তিনি বলেন, ‘আমরা এখন টেস্ট খেলার জন্য প্রস্তুত এবং ইতোমধ্যে তা প্রমাণও করেছি।’
২০০৯ সালে প্রথম ওয়ানডে ও ২০১০ সালে প্রথম টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ খেলে আফগানিস্তান। ইতোমধ্যে এই দু’ফরম্যাটে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে দেশটি। তাই এবার টেস্ট ক্রিকেটে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে চায় তারা।
এজন্য বড় ফরম্যাটে খেলার আগ্রহ প্রকাশ করেছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী স্তানিকজাই। তিনি বলেন, ‘আমি মনে করি টেস্ট খেলার জন্য আমরা প্রস্তুত এবং ইতোমধ্যে সেই প্রমাণও দিয়েছি। ইন্টানকন্টিনেন্টাল কাপে খেলার পর এখন পর্যন্ত মাত্র ১টি ম্যাচ হেরেছি আমরা। ২০১৩ সালের ইন্টারকন্টিনেন্টাল কাপে চারদিনের ফাইনাল ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে হারি আমাভ। ওই ফাইনাল ম্যাচটিই আমাদের একমাত্র হার।’
২০১৫-১৭ ইন্টারকন্টিনেন্টাল কাপের চতুর্থ রাউন্ড শেষে আয়ারল্যান্ডের পরে লিগ টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে আফগানিস্তান। তাদের পয়েন্ট ৬১। লীগে তিনটি জয় ও বৃষ্টিতে একটি ম্যাচ ড্র করে তারা। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আয়ারল্যান্ডের পয়েন্ট ৮০। ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছে নেদারল্যান্ডস।
ইন্টারকন্টিনেন্টাল কাপে এখন পর্যন্ত ১৯টি ম্যাচ খেলেছে আফগানিস্তান। ১৪টি হারের বিপরীতে মাত্র ১টি হার রয়েছে তাদের। ড্র রয়েছে ৪টি। এছাড়া ২০১০-১১ মৌসুমে এই আসরের শিরোপাও জিতে তারা।
ইন্টারকন্টিনেন্টাল কাপে অভিষেক হবার পর ২০০৯ সালে হাই স্কোরের একটি ম্যাচে জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে ড্র’ও করে আফগানিস্তান।
তাই বড় ফরম্যাটে আফগানিস্তানের এমন পারফরমেন্স নিয়ে স্তানিকজাই আরও বলেন, ‘আমাদের অনেক ভালো খেলোয়াড় রয়েছে। তিন ফরম্যাটের জন্য আলাদা-আলাদা দল। ওয়ানডের জন্য বিশেষ দল, টি-২০’র জন্য আলাদা দল ও ইন্টারকন্টিনেন্টালের জন্য আলাদা দল। শুধুমাত্র ব্যাটিং বিভাগেই নয়, বোলিং ও ফিল্ডিং বিভাগেও আমরা সমান শক্তিশালী দল।’
এদিকে, প্রথমবারের মত আগামী ২১ সেপ্টেম্বর বাংলাদেশে আসছে আফগানিস্তান। আসন্ন সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে তারা। এছাড়া একটি প্রস্তুতিমূলক ম্যাচও খেলবে আফগানিস্তান। তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৫, ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।
ইত্তেফাক/এমএইচ
