সদ্যোজাতের ওজন ৬ কেজি!

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৩০
গর্ভধারিণী ডায়াবেটিক রোগী। সন্তানের ওজন যে বেশি হবে এমনটা আন্দাজ করেছিলেন চিকিৎসকরা। কিন্তু তাদের অনুমানকেও ছাপিয়ে গেল সদ্যোজাতের ওজন। ৬ কেজি ওজনের সদ্যোজাতকে দেখে অবাক খোদ ডাক্তাররা।
 
ভারতের হায়দ্রাবাদের নিলোফার হাসপাতালে ভর্তি হয়েছিলেন সন্তানসম্ভবা শাবানা বেগম। তিনি ভুগছিলেন ডায়াবেটিসে। ডাক্তাররা তাই আন্দাজ করেছিলেন তার সন্তানের ওজন বেশিই হবে। 
 
সাধারণত ২.৫ কেজি থেকে ৩ কেজিই হয় সদ্যোজাতের ওজন। ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে সদ্যোজাতের ওজন ৪ কেজি ধরে রাখেন ডাক্তাররা। কিন্তু এবার চমকের পালা তাদের। কেননা, শাবানার সন্তানের ওজন ৬ কেজি! 
 
মূলত ডায়াবেটিক রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে না থাকলে তা ভ্রূণের উপর সরাসরি প্রভাব ফেলে। ফলে সদ্যোজাতের ওজন অনেকটাই বেশি হয়। শাবানাকে পরীক্ষা করে সেরকমই আশঙ্কা করছিলেন চিকিৎসকরা। প্রসূতি শাবানা শ্বাসকষ্টেও ভুগছিলেন বলে জানা গেছে। তবে তা সত্ত্বেও চিকিৎসকরা তার সন্তানের ওজন ৫ কেজি ধরে রেখেছিলেন। কিন্তু বাস্তবে দেখা গেল, সদ্যোজাতের ওজন আরও এক কেজি বেশি। 
 
সাধারণত এসব ক্ষেত্রে সদ্যোজাতের শরীরে নানা রোগ দেখা দেয়। যদিও গোড়া থেকে চিকিৎসা করলে তা সেরে যাওয়ার সম্ভাবনাই বেশি। এই সদ্যোজাতের ক্ষেত্রেও তা খতিয়ে দেখা হবে। তবে ৬ কেজি ওজনের সন্তানের জন্ম হতে দেখে একটু হকচকিয়েই গিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসা শাস্ত্রে এ বেশ চমকপ্রদ ঘটনা বলেই অভিমত তাদের।
 
ইত্তেফাক/এএম