মাসখানেক আগে ভারতের 'বহুজন সমাজবাদী পার্টি'র (বিএসপি) নেত্রী মায়াবতী সম্পর্কে অশালীন মন্তব্য করে দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন বিজেপি নেতা দয়াশঙ্কর সিংহ। পরে তাকে গ্রেফতারও করে পুলিশ। তাতেও অবশ্য 'বিশেষ শিক্ষা' হয়নি বহিষ্কৃত এই বিজেপি নেতার। যার দরুন এবার মায়াবতীকে কুকুরের সঙ্গে তুলনা করে নতুন বিতর্ক উস্কে দিলেন দয়াশঙ্কর।
উত্তরপ্রদেশের মৈনপুরীতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় দয়াশঙ্কর বলেন, মায়াবতী বাস্তবে একজন ভীতু মহিলা এবং রাস্তার কুকুরের মতো তার চরিত্র।
এরপর তিনি বলেন, কুকুরের মতো তিনি দুরন্ত গতিতে ছুটে চলা গাড়ি দেখলে তার পিছনে দৌড়ান, কিন্তু যখন গাড়িটি থেমে যায় তখন তিনিও থমকে যান।
দয়াশঙ্করের বিএসপি নেত্রীর বিরুদ্ধে এই মন্তব্য আবার নতুন বিতর্কের তৈরি করেছে। কিন্তু এরপরই পরিস্থিতি বেগতিক দেখে দয়াশঙ্কর বলেন, তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে দয়াশঙ্কর বলেন, তিনি মায়াবতীকে কুকুরের সঙ্গে তুলনা করেননি। কার্যত বিএসপি নেত্রী এবং তার দলই তাদেরকে (দয়াশঙ্করদের) কুকুরের সঙ্গে তুলনা করেছেন।
জুলাইয়ে বিএসপি নেত্রী সম্পর্কে অশালীন মন্তব্য করে জেল হয়েছিল দয়াশঙ্করের। গতমাসে স্থানীয় এক আদালতে ব্যক্তিগত জামিনে জেল থেকে মুক্তি পান দয়াশঙ্কর।
সেবারে দয়াশঙ্কর বলে ছিলেন, মায়াবতী যৌন কর্মীর চেয়েও অধম। যে যত বেশি টাকা দেয়, বিএসপি নেত্রী তাকেই নির্বাচনী টিকিট দেন।
ইত্তেফাক/এএম
