শিল্পোন্নত দেশগুলোর মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণের কারণে বিশ্বব্যাপী পরিবেশের ক্ষতি হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, রামপালে কয়লা বিদ্যুত কেন্দ্র হলে সুন্দরবনের ক্ষতি হবেনা; কিন্তু বিশ্বব্যাপী পরাশক্তিগুলো যেভাবে কার্বন ছড়াচ্ছে তাতে সমুদ্রের পানি বেড়ে বরং সুন্দরবনের ক্ষতি হতে পারে। তাই সুন্দরবন রক্ষার আন্দোলন হওয়া উচিত শিল্পোন্নত দেশগুলোর বিরুদ্ধে।
জেলার বোচাগঞ্জ উপজেলায় তিনদিন ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খালিদ বলেন, রামপাল কয়লা বিদ্যুত কেন্দ্রের আন্দোলন একটি ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ। যে ষড়যন্ত্রে আগুন সন্ত্রাসের জননী খালেদা জিয়াও যোগ দিয়েছেন। তারা পদ্মাসেতুতেও ষড়যন্ত্র করেছিল। আনোয়ারায় বিদ্যুতকেন্দ্র স্থাপনের সময় বিরোধিতা করেছে। তাদের কাজই সরকারের উন্নয়ন কর্মকা-ের বিরোধিতা করা।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতটা পরিবেশবান্ধব তা সারা বিশ্বে স্বীকৃত। পরিবেশের নোবেল বলে খ্যাত ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরস্কার পেয়েছেন তিনি। আর খালেদা জিয়ার নেতৃত্বে শত শত গাছ কেটে, রাস্তা ব্লক করে পরিবেশ নষ্ট করেছে বিএনপি-জামায়াত। এখন পরিবেশের জন্য তারা মায়াকান্না করছেন।
খালিদ বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সব রক্তচক্ষু উপেক্ষা করে মুক্তিযুদ্ধের বাংলাদেশ পুন:নির্মিত হচ্ছে। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুরুতে বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং তরুণদের বৃক্ষরোপনে উদ্বুদ্ধ করেন।
ই্ত্তেফাক/এমএইচ
