কসোভোয় তৌকিরের জয়জয়কার

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৫৫
 

গত ১৯আগস্ট বাংলাদেশে মুক্তি পায় তৌকির আহমেদের চতুর্থ চলচ্চিত্র 'অজ্ঞাতনামা'। চলচ্চিত্রটি মুক্তি আগে ও পরে বেশ কয়েকটি আন্তর্জাতিক উত্সবে প্রশংসিত হয়েছে। সম্প্রতি চলচ্চিত্রটির পাশাপাশি সেরা পরিচালকের পুরস্কার উঠলো ছবিটির পরিচালক তৌকির আহমেদের হাতে। ৩১ আগস্ট শুরু হয় ‘দ্য গডেস অন দ্য থ্রোন’ শীর্ষক কসোভোর চলচ্চিত্র উত্সব। উত্সবটি শেষ হয় গত ৪ সেপ্টেম্বর। আর উত্সবটিতে অংশ নিয়ে ‘অজ্ঞাতনামা’র জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতলেন তৌকীর। সেরা চিত্রনাট্যকার পুরস্কারটিও এসেছে তার হাতে। এ উত্সবের বিচারকদের চোখে ‘অজ্ঞাতনামা’র বিষয়বস্তু সমকালীন বিশ্বে গুরুত্বপূর্ণ ও অতি প্রাসঙ্গিক মনে হয়েছে। গল্পে দেখানো হয়েছে, বিদেশে বিশেষ করে মধ্যপ্রাচ্যে বাংলাদেশি শ্রমিকদের মানবেতর জীবনযাপন। পুরস্কার গ্রহণের পর সুখবর জানিয়ে তৌকীর বলেছেন, ‘কৃতজ্ঞ ছবিটির সংশ্লিষ্টদের সবার প্রতি। সবার পরিশ্রমেই আমার এই ছবিটি প্রশংসিত। স্বীকৃতি সবসময় দায়িত্ব বাড়িয়ে দেয়। সামনে দর্শকদের আরও ভালো কিছু উপহার দেওয়ার অনুপ্রেরণা যোগাবে। চলচ্চিত্রটি দেশের অনেকগুলো হলে প্রদর্শীত হচ্ছে। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’ কসোভো শেষে এবার ওয়াশিংটন ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিতে যাচ্ছে ‘অজ্ঞাতনামা’। এটি অনুষ্ঠিত হবে আগামী ৯ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। ওয়াশিংটনের আরেক উত্সব সিয়াটল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ১৪ অক্টোবর থেকে ২৩ অক্টোবর অংশ নেবে ছবিটি। তার আগে  ইতালির ট্রেন্টোতে রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভ্যালে ৭ অক্টোবর থেকে ১৭ অক্টোবর যাবে এটি। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত ‘অজ্ঞাতনামা’য় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, নিপুণ, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, আবুল হায়াত, শাহেদ শরীফ খান, শাহেদ আলী সুজন, মোমেনা চৌধুরী, জুঁই করিম, সুজাত শিমুল, নাজমুল হুদা বাচ্চু, শিশুশিল্পী আপন, সায়েম প্রমুখ।