জামায়াতে ইসলামীর হরতালের মধ্যে রাজধানীর সেগুন বাগিচা থেকে ছয়টি পেট্রোল বোমাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে ১২তলা ভবন এলাকায় একটি প্রাইভেটকার থেকে তাদের বোমাসহ ধরা হয় বলে জানিয়েছেন রমনা থানার ওসি মশিউর রহমান।
গ্রেফতারকৃতরা হলেন— আবদুল জলিল (৩৬), আনিসুর রহমান (৪৫) ও মোহাম্মদ জহির (৩৮)।
যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের প্রতিবাদে সোমবার সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত হরতাল ডেকেছিল জামায়াত।
ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, ‘আটকরা কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, তা তদন্ত করে দেখা হবে।’ তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
ইত্তেফাক/এএম।
