রাজধানীর গুলশান, কল্যাণপুর ও মিরপুর এবং নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত ১৯ জঙ্গির মৃতদেহের পরীক্ষার সব ফল এখনো হাতে আসেনি বলে জানিয়েছে পুলিশ।
সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম কার্যালয়ে উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, ‘লাশগুলোর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ফলাফল এখনো হাতে এসে পৌঁছেনি।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তাদের মর্গে থাকা ১৩ জঙ্গির লাশ নিয়ে পুলিশের সিদ্ধান্ত জানতে চেয়ে সম্প্রতি চিঠি দেয়।
ওই চিঠির বিষয়ে জানতে চাইলে ডিএমপি কর্মকর্তা মাসুদুর লাশগুলো চেয়ে কোনো পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়নি বলেও জানান।
তিনি বলেন, পরীক্ষা-নিরীক্ষার ফল পাওয়ার পর পরিবার লাশ নিতে চাইলে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজানে হামলার পর অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হন। এরপর কল্যাণপুরের এক অভিযানে নয় জঙ্গির মৃত্যু হয়।
গত মাসের শেষদিকে নারায়ণগঞ্জে এক অভিযানে মারা যান নব্য জেএমবির শীর্ষ নেতা তামিম চৌধুরীসহ তিন জঙ্গি। সর্বশেষ শুক্রবার মিরপুরে এক অভিযানে মৃত্যু হয় তার সহযোগী সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলামের।
গুলশানের অভিযানে নিহত ৬ জনের মরদেহ আছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। বিডিনিউজ।
