রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশাকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন এ ঘটনায় হওয়া মামলার একমাত্র আসামি ওবায়েদুল খান। ছয় দিনের রিমান্ড শেষ হওয়ার একদিন আগে সোমবার ওবায়েদকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।
মহানগর হাকিম আহসান হাবিব তার নিজের কামরায় ওবায়েদের জবানবন্দী নেয়ার পর তাকে কারাগারে পাঠিয়ে দেয়া হয় বলে আদালতের নারী ও শিশু নির্যাতন মামলার সংশ্লিষ্ট পুলিশের সাধারণ নিবন্ধন কর্তা এসআই মিজানুর রহমান জানান।
তিনি বলেন, জবানবন্দীতে ওবায়েদ হত্যার পূর্বাপর সবিস্তার বর্ণনা করে নিজেকে হত্যাকারী হিসেবে স্বীকার করেন।
ঢাকার উইলস লিটল ফ্লাওয়ারের অষ্টম শ্রেণির ছাত্রী রিশা (১৪) গত ২৪ আগস্ট স্কুলের সামনের ফুটওভারব্রিজে এক যুবকের ছুরিকাঘাতে আহত হয়। তিনদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
খবর বিডিনিউজের।
ইত্তেফাক/এএম।
