বেনাপোলের খাটালগুলো গরু শূন্য

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৩৩
দেশের সর্ববৃহৎ গরুর খাটাল বেনাপোলের পুটখালি সীমান্ত  দিয়ে আগে প্রতিদিন হাজার হাজার গরু বেচা কেনা হতো । কিন্তু এখন গরু নেই। আর যা ১৫-২০টি আছে তার দাম তিনগুণ। ভারত থেকে গরু না আসায় কোরবানির ঈদের সময়  এসব খাটালগুলো রয়েছে শূন্য । এ ছাড়া গরু ব্যবসাকে কেন্দ্র করে গড়ে ওঠা এ সব খাটালের পাশে শতাধিক দোকানপাট ও হোটেলও বন্ধ হয়ে গেছে।
 
ভারতের হরিয়ানা থেকে প্রতিদিন ৪-৫ হাজার গরু আসতো এ খাটালে । এর মধ্যে ছিল সিন্ধি, ফ্রিজিয়ান, জার্সি, হরিয়ানা, নেপালি, সম্বলপুরিসহ বিভিন্ন জাতের গরু। অবৈধভাবে আসা এসব গরু বিজিবির পুটখালি, নাভারন ও সাতমাইল এলাকায় পাঁচটি খাটালে রেখে শুল্ক করিডোরের মাধ্যমে ৫০০ টাকা করে রাজস্ব নিয়ে বৈধতা দেওয়া হতো। অধিকাংশ সীমান্ত  দিয়ে গরু আসা বন্ধ হয়ে গেছে। এসব এলাকার খাটালগুলো এখন শূন্য  রয়েছে।
 
এদিকে ভারত সরকারের নিষেধাজ্ঞা ও বিজিবির কড়াকড়িতে ভারতীয় গরু আসা এখন প্রায় শূন্যের কোঠায়। করিডোরের মাধ্যমে রাজস্ব দিয়ে ওই গরু বৈধ করা হয়। কিন্তু এখন তাও হচ্ছে না। সীমান্তে  বিএসএফ অত্যন্ত কড়াকড়ি আরোপ করেছে। পাহারা বাড়িয়েছে। এজন্য গরু আসছে না বললেই চলে।
 
শার্শার নাভারন  কাস্টম গরু করিডোরের ইনচার্জ বিশ্ব নাথ কুণ্ডু জানান, ২০১৫ সালে বেনাপোলের বিভিন্ন সীমান্ত দিয়ে  জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ২ কোটি ৭৪ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা রাজস্ব আদায় হয়েছে। ২০১৬ সালে  জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ১ কোটি ৪৩ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা রাজস্ব আদায় হয়েছে
 
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২১ ব্যাটালিয়নের অধিনায়ক  লে. কর্নেল আরিফুর রহমান  জানান, অবৈধভাবে ভারতে গিয়ে কোন রাখালকে গরু আনতে দেয়া হবে না।
 
 
ইত্তেফাক/ইউবি