ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক শিক্ষাডটকমের সম্পাদক সিদ্দিকুর রহমান খানের মুক্তি দাবি করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সোমবার সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভায় এ দাবি জানানো হয়।
সভায় ডিআরইউ নেতারা বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের (মাউশি) সাবেক মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনের দায়ের করা মামলায় সিদ্দিকুর রহমান খানকে গ্রেফতার করা হলেও কোনো সংবাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও গ্রেফতার করা হয়েছে তা স্পষ্ট নয়। ফলে এই মামলায় একজন সাংবাদিককে গ্রেফতার করে তার প্রতি সুবিচার করা হলো কিনা— তা খতিয়ে দেখার দাবি রাখে।
সভায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা গ্রহণ ও গ্রেফতারে প্রশাসনকে আরো সহিষ্ণু হওয়ার আহবান জানিয়ে সিদ্দিকুর রহমান যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন— তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
ডিআরইউ সভাপতি জামালউদ্দীনের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সহ-সভাপতি শরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জামাল হোসাইন, দপ্তর সম্পাদক মেহিদ আজাদ মাসুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাফি কামাল প্রমুখ বক্তব্য রাখেন।
ইত্তেফাক/এএম।
