নানা পেশার মানুষকে সম্মাননা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ২২:৩৩
জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার উইং, ভলান্টিয়ার ফর বাংলাদেশ ৪-৬ সেপ্টেম্বর ‘দ্যা গ্রেট কাইন্ডনেস চ্যালেঞ্জ-২০১৬’ (জিকেসি) উদযাপন করেছে।
 
এই ক্যাম্পেইনে ভলান্টিয়ার ও জাগো স্কুলের ছাত্রছাত্রীদের সমন্বয়ে গড়া বেশ কিছু দল সামাজিকভাবে অপেক্ষাকৃত, অসমাদৃত ও প্রচারবিমুখ নানা পেশার মানুষকে সম্মান জানিয়েছেন। 
IMG0
জিকেসি (The Great Kindness Challenge)  একটি বিশ্বব্যাপী সামাজিক প্রচারণা। এ বছর এটি ছিল বাংলাদেশে অনুষ্ঠিত সবচেয়ে বড় জিকেসি ইভেন্ট। ১৮টি জেলায় এবার ৬০০ জন রেজিস্টার্ড স্বেচ্ছাসেবক প্রচারণায় অংশ নেন।  জেলাগুলো হলো-বরিশাল, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম কুমিল্লা, ঢাকা, দিনাজপুর, গাইবান্ধা, যশোর, খুলনা, লালমনিরহাট, মাগুরা, মৌলভীবাজার, ময়মনসিংহ, নোয়াখালী, পটুয়াখালী ও সিলেট।
 
৪-৬ সেপ্টেম্বর  স্বেচ্ছাসেবকেরা নিজ নিজ জেলায় ছোট ছোট দলে বিভক্ত হয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তা, দমকলকর্মী, সাংবাদিক, সরকারি কর্মচারীসহ বিভিন্ন পেশার মানুষকে  ফুল দিয়ে সম্মান জানান।
IMG1
স্বীয় কর্মক্ষেত্রে অবদানের জন্য যাদের ধন্যবাদ জ্ঞাপন করা হয় তারা হলেন- ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, গ্রামীণ ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মুহম্মদ ইউনুস, ডিএনসিসি মেয়র আনিসুল হক, মাহফুজ আনাম (সম্পাদক, ডেইলি স্টার), জাফর সোবহান (সম্পাদক, ঢাকা ট্রিবিউন), খুশী কবির (নিজেরা করি), ব্যারিস্টার সারা হোসেন প্রমুখ।