সংস্কৃতি কর্মী ও তথ্যচিত্র নির্মাতা মাসুদ করিম নির্মাণ করছেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে নিয়ে ‘বাতিঘর’। এই তথ্যচিত্রে উঠে এসেছে আনিসুজ্জামানের কর্ম ও জীবনভিত্তিক অনেক অজানা কথা। জীবনের নানান প্রতিকূলতার স্মৃতি উঠে আসবে এই তথ্যচিত্রে ইতোমধ্যেই এই তথ্যচিত্রের চিত্রগ্রহণ কলকাতা, খুলনা শহরের বিভিন্ন স্থানে এবং লন্ডনে ধারণ করা হয়েছে।
পারিবারিক সদস্য ছাড়াও দুই বাংলার স্বনামধন্য ব্যক্তিরা নিজেদের দৃষ্ঠিকোণ থেকে অধ্যাপক আনিসুজ্জামানকে মূল্যায়ন করেছেন। এর মধ্যে রয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, লন্ডন প্রবাসী সাংবাদিক আব্দুল গাফ্ফার চৌধুরী, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, সঙ্গীত শিল্পী সৈয়দ আব্দুল হাদী, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, কবি নাসির আহমেদ এবং পশ্চিমবঙ্গের অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সুরঞ্জন দাশ।
অতিসম্প্রতি কলকাতায় এর শেষ পর্যায়ের চিত্রগ্রহণ সম্পন্ন হয়েছে এবং আনিসুজ্জামানের লেখা একটি কবিতা আবৃত্তি করেছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। নির্মাতা মাসুদ করিমের নিজস্ব অর্থায়নে এই ‘বাতিঘর’ ২০১৭ এর ১৮ ফেব্রুয়ারি অধ্যাপক আনিসুজ্জামানের আশিতম জন্মদিনে ঢাকায় এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে কলকাতা, টোকিও এবং লন্ডনে এর প্রদর্শনীর আয়োজন করা হবে। উল্লেখ্য, নির্মাতা মাসুদ করিম ইতোপূর্বে উপ-মহাদেশের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের কর্ম ও জীবনভিত্তিক তথ্যচিত্র ‘কৃষ্ণকলি’ নির্মাণ করেণ যা দুই বাংলায় সুধী মহলে বিপুলভাবে সমাদৃত হয়।
ইত্তেফাক/এএন
