ধানমন্ডিতে পুলিশের গুলিতে ‌‘ছিনতাইকারী’ নিহত

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৫৭
রাজধানীর ধানমন্ডিতে পুলিশের গুলিতে প্রাইভেটকারে করে ভ্রাম্যমাণ ছিনতাইকারী চক্রের এক সদস্য নিহত হয়েছে। পুলিশ জনতার সহায়তায় দুই ছিনতাইকারীকে আটক করেছে। তাদের নাম-বাশার (৩০) ও হযরত (৩০)।
 
মঙ্গলবার ভোর ছয়টায় ধানমন্ডির ৩ নম্বর রোডে এই ঘটনা ঘটে।
 
নিহত ছিনতাইকারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা আছে।
 
পুলিশ দাবি করেছে,  প্রাইভেটকারে করে যে চক্র ঈদ উপলক্ষে বাস, ট্রেন ও লঞ্চ যাত্রীদের জিনিসপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে থাকে তারা সেই চক্রের সক্রিয় সদস্য। 
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার বলেন, ভোর ছয়টার দিকে মৎস্য ভবন মোড়ে ইডেন কলেজের এক ছাত্রী বাড়ি যাওয়ার সময় ছিনতাইয়ের শিকার হন। ঐ ছাত্রী রিকশায় যাওয়ার পথে প্রাইভেটকারে করে ছিনতাইকারীরা তার ভ্যানিটি ব্যাগ টান দিয়ে নিয়ে চলে যায়। ঘটনার পর টহল পুলিশ প্রাইভেটকারকে ধাওয়া করে। এক পর্যায়ে ধানমন্ডির তিন নম্বর রোডে পুলিশের ব্যারিকেডের মুখোমুখি হয় ছিনতাইকারী গ্রুপটি। পুলিশের ব্যারিকেড ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে একজন নিহত হয় ও দুইজনকে জনতার সহায়তায় পুলিশ আটক করতে সক্ষম হয়। এদিকে আটক করা প্রাইভেটকার থেকে ইডেন কলেজের সেই ছাত্রীর ভ্যানিটি ব্যাগটি উদ্ধার করা হয়েছে। ভ্যানিটি ব্যাগে মোবাইল ফোন, কিছু টাকা ও একটি বাসের টিকিট পাওয়া গেছে।
 
 
 
ইত্তেফাক/এএসএস/এমআই