কুঁচকির ইনজুরির কারণে সেলটিকের বিপক্ষে আগামী সপ্তাহে চ্যাম্পিয়নস লীগের প্রথম ম্যাচে বার্সেলোনা তারকা লিয়নেল মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ইনজুরি কাটিয়ে দলে ফিরে গত বৃহস্পতিবার উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে জয়ের ম্যাচটিতে গোল করেছিলেন মেসি। কোপা আমেরিকার ফাইনালে পেনাল্টি মিসের বেদনায় জাতীয় দল থেকে অবসর নেবার পরে ভক্তদের ভালবাসায় পুনরায় ফিরে আসেন আর্জেন্টাইন তারকা। অবসর থেকে ফিরে উরুগুয়ের বিপক্ষে প্রথম মাঠে নামেন মেসি।
এক বিবৃবিতে বার্সেলোনা মেসির নতুন ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরে মেসির বাম কুঁচকিতে ইনজুরির মাত্রা ধরা পড়েছে। সে কারণেই আগামী কয়েক দিন অনুশীলন সেশনে থাকতে পারছেন না মেসি। তবে কতদিন মাঠের বাইরে থাকতে হবে সে বিষয়ে নিশ্চিত করে ক্লাবের পক্ষ থেকে কিছু বলা হয়নি। কিন্তু ধারণা করা হচ্ছে শনিবার ক্যাম্প ন্যুতে সেলটিকের বিপক্ষে ম্যাচে কোন ঝুঁকি নেবে না কাতালানরা।
দারুন ফর্ম নিয়ে এবারের মৌসুম শুরু করেছিলেন মেসি। সেভিয়ার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপে ও লা লিগায় রিয়াল বেটিস ও অ্যাথলেটিক বিলাবওয়ের বিপক্ষে তিনটি গোল করেছেন।
