খুলনায় টিসিবির সুলভমূল্যে সরবরাহ করা ১৮৪ বোতল (কন্টেইনার) সোয়াবিন তেল ও ১০ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে। এ সময় ৭ জনকে আটক করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ সব পণ্য উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলার বাজার কর্মকর্তা আব্দুস সালাম তরফদারসহ আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
আটককৃতরা হলেন- নগরীর ময়লাপোতা মোড়ের অদূরে ফারাজীপাড়া রোডের টিসিবির ডিলার মেসার্স আকবর এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ আলীর ভাই মো. আল-আমিন শিকদার (২৫), নগরীর দৌলতপুর বাজারের হানান এন্টারপ্রাইজের মালিক মো. আসাদুজ্জামান কাজল (৪০), একই বাজারের রশিদ স্টোরের মালিক মো. আব্দুল্লাহ (৩০), ইমরান স্টোরের মালিক মো. আলমগীর (২৮), খালিশপুরস্থ চিত্রালী সুপার মার্কেটের বিসমিল্লাহ স্টোরের মালিক মো. বাদল (৪০), চিত্রালী সুপার মার্কেটের টিসিবির ডিলার মো. ফুলমিয়া (৫৫) এবং মোস্তফা স্টোরের মালিক গোলাম মোস্তফা (৫৫)। আটককৃতদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে খোলা বাজারে বিক্রির জন্য সরবরাহ করা সয়াবিন তেল ও চিনি উদ্ধার করা হয়।
ইত্তেফাক/ইউবি
