দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দলে তিন নতুন মুখ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৯:০২
আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা দলে ডাকা হয়েছে তিনজন নতুন খেলোয়াড়কে। যার মধ্যে অন্যতম ২০ বছর বয়সী ডলফিন্সের ফাস্ট বোলার আনডিলে ফিলুকওয়ে। 
 
এছাড়া আরো ডাক পেয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান টেমবা বাভুমা ও অল-রাউন্ডার ডুয়াইন প্রেটোরিয়াস। এদের মধ্যে ফিলুকওয়ে টি২০ দলের ডাক পেয়েছেন। প্রিটোরিয়াস ও বাভুমা আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডে দলে অন্তর্ভুক্ত হয়েছেন।  দক্ষিণ আফ্রিকা এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া দুর্দান্ত পারফর্ম করা মিডল অর্ডার ব্যাটসম্যান ডেভিড মিলারকেও পুনরায় দলে ডাকা হয়েছে।
 
দল গঠন সম্পর্কে নির্বাচক কমিটির আহবায়ক লিন্ডা জোনডি বলেছেন, সম্প্রতি শেষ হওয়া ওয়ানডে কাপে এ’ দলের হয়ে আনডিলে সর্বোচ্চ উইকেট শিকার করেছে। গত মৌসুমের মমেনটাম ওয়ানডে কাপে শক্তিশালী পারফরমেন্স করার পরে জাতীয় দলে সুযোগ পাওয়াটা তার জন্য সময়ের ব্যাপার ছিল। সে এবং ডুয়াইন দুজনেই সম্প্রতি দারুণ ফর্মে রয়েছে। আমাদের দায়িত্ব ফ্র্যাঞ্চাইজি ও এ’ দলের হয়ে ভাল পারফর্ম করা খেলোয়াড়দের জন্য জাতীয় দলে সুযোগ সৃষ্টি করে দেয়া।
 
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে কাঁধের ইনজুরির কারণে বাইরে থাকা এবি ডি ভিলিয়ার্স উভয় দলের অধিনায়ক হিসেবেই ফিরে এসেছেন। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা নিশ্চিত করেছে ইনজুরির কারণে বর্তমানে পুনর্বাসনে থাকা মরনে মরকেল ও রাইলি রুশোকে আসন্ন সিরিজ দুটির জন্য বিবেচনা করা হয়নি। মরকেলের স্থানে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে দলে ফিরেছেন ডেল স্টেইন। আগামী ২৭ সেপ্টেম্বর বেনোনিতে দক্ষিণ আফ্রিকা আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। এরপরেই ৩০ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরিয়ানে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে।
 
আয়ারল্যান্ডের বিপক্ষে স্কোয়াড : এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), ফারহান বেহার্দিন, কুইনটন ডি কক, জেপি ডুমিনি, ফাফ ডু প্লেসিস, ডেভিড মিলার, ক্রিস মরিস, ওয়েইন পারনেল, অ্যারন ফানগিসো, আনডিলে ফিলুকওয়ে, ডুয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা।
 
অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কোয়াড : এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), কাইল এ্যাবট, হাশিম আমলা, ফারহান বেহার্দিন, কুইনটন ডি কক, জেপি ডুমিনি, ফাফ ডু প্লেসিস, ইমরান তাহির, ডেভিড মিলার, ক্রিস মরিস, ওয়েন পারনেল, অ্যারন ফানগিসো, আনডিলে ফিলুকওয়ে, কাগিসো রাবাদা, তাবরায়েজ শামসী, ডেল স্টেইন। এএফপি।
 
ইত্তেফাক/এসএসএ