নাশকতার অভিযোগে কক্সাবাজার পৌরসভার সাবেক মেয়র সরোয়ার কামালের বিরুদ্ধে দায়েরকৃত তিনটি মামলার বিচার কার্যক্রম চলবে। মামলা তিনটি বাতিল করে হাইকোর্টের দেয়া আদেশ বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে সরোয়ারকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।
মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার কার্যক্রম চলাকালে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি কক্সবাজার পৌরসভার তারাবনিয়ার ছড়া জামে মসজিদের সামনে থেকে হাশেমিয়া মাদ্রাসা পর্যন্ত জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্র ও জনসাধারণের সম্পত্তি ধ্বংসের চেষ্টা চালায়। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা ও জখমের চেষ্টা করে। এই অভিযোগে কক্সবাজার মডেল থানায় ওইদিনই এসআই মো. নুরুজ্জামান দণ্ডবিধি, বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে পৃথক তিনটি মামলা দায়ের করে। এই মামলায় পৌরসভার তত্কালীন মেয়র সরোয়ার কামালসহ ২১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫/৬ হাজার জনকে আসামি করা হয়। পরে সরোয়ার কামালসহ কয়েকশত জামায়াত-শিবিরের নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে ওই তিন মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন সাবেক ওই মেয়র। ওই আবেদনের ওপর রুল জারি করে আদালত। গত ১১ এপ্রিল হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এক রায়ে তিনটি মামলাই বাতিল ঘোষণা করে দেয়। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। আবেদনের পক্ষে শুনানি করেন সহকারি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে দেয়।
ইত্তেফাক/এএম।
