চট্টগ্রামের শাহীন কলেজে অতিরিক্ত ফি আদায় বন্ধের নির্দেশ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ২০:২৩
চট্টগ্রামের বিএফ শাহীন কলেজে চলতি বছরের বাড়ানো অতিরিক্ত টিউশন ও সেশন ফি আদায় বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।
 
এছাড়া অতিরিক্ত ফি আদায় কেন বন্ধ এবং ওই আদায়কৃত অর্থ কেন ফেরতের নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, শাহীন কলেজ, শাহীন কলেজ পরিচালনা পরিষদের সভাপতিসহ ১৩ জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
 
অতিরিক্ত ফি আদায় বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। গত ৯ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত এক পরিপত্র এই রিটের সঙ্গে যুক্ত করা হয়। যাতে বলা হয়, বেতন বাড়াতে হলে অভিভাবকদের সাথে আলোচনা করে তাদের সক্ষমতা বিবেচনায় নিয়ে সর্বোচ্চ ৩০ শতাংশ বাড়ানো যাবে। কিন্তু তা না করে কয়েকগুণ এই ফি বৃদ্ধি করা হয়েছে। রিটে আরো বলা হয়, বাংলা ভার্সনে কেজি থেকে দশম শ্রেণি পর্যন্ত টিউশন ফি ৯৮০ টাকা থেকে বাড়িয়ে ১৫৮০ টাকা করা হয়েছে, যাতে বৃদ্ধির হার ৬১ শতাংশ। সেশন ফি ২২০০ টাকা থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা করা হয়, যাতে বৃদ্ধির হার ১২৫ শতাংশ। ইংরেজি মাধ্যমে টিউশন ফি ১৩২০ টাকা থেকে বাড়িয়ে ২১১৫ টাকা করা হয়, যাতে বৃদ্ধির হার ৬০ শতাংশ। ‘সেশন ফি ২৫০০ টাকা থেকে বাড়িয়ে ছয় হাজার টাকা করা হয়, যাতে বৃদ্ধির হার ১৪০ শতাংশ। মাসিক টিউশন ফি দিতে দেরি হলে ১৫৪০ টাকা জরিমানা দিতে হয়। পহেলা জানুয়ারি থেকে এই অতিরিক্ত ফি’র আদায় করা হয়।
 
আদালতে আবেদনকারী পক্ষে আইনজীবী সুব্রত চৌধুরী এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেয়।