ইনজুরির কারণে ন্যু ক্যাম্পে লা লিগার পরবর্তী খেলায় বার্সেলোনার হয়ে খেলতে পারবেন না লিওনেল মেসি। তবে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম খেলায় সেল্টিকের সঙ্গে ফেরার সম্ভাবনা আছে পাঁচবারের বর্ষসেরা তারকার। তাই ভক্তদের চিন্তিত না হতে আশ্বস্ত করলেন তিনি।
নিজের চোট সম্পর্কে কথা বলতে গিয়ে এক ফেসবুক বার্তায় মেসি বলেন, ‘ফিজিওর সঙ্গে কাজ করে সেরে উঠছি। তাই আমাকে বিষয়গুলো ধীরে ধীরে করতে হবে। সবকিছু ঠিক আছে। ভয়ের কিছু নেই। আপনাদের সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’ লা লিগায় সবশেষ ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে খেলার পর বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে মেসির। তারপরও রাশিয়া বিশ্বকাপের জন্য দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে খেলতে যান আন্তর্জাতিক অবসর থেকে ফিরে আসা
আর্জেন্টাইন অধিনায়ক।
ব্যথা নিয়েই খেলেন উরুগুয়ের বিপক্ষে। তার একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এই চোটের কারণে বাছাইপর্বে আজকে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে পড়েছেন মেসি। চোট কতটা গুরুতর তা জানতে গত সোমবার বেশ কয়েকটি পরীক্ষা করানো হয় তার। এরপর বার্সেলোনা জানায়, আগামী শনিবার লা লিগায় আলাভেসের বিপক্ষে মেসির খেলা নিয়ে সংশয় আছে। মেসির উপর অনুশীলনের চাপও কমানো হয়েছে। মূলত চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচকে সামনে রেখে যাতে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেন তিনি, সেজন্যই এই ব্যবস্থা।
বার্সেলোনার পক্ষ থেকে বলা হয়, ‘আজ (সোমবার) কয়েকটি পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে, মেসি এখনো বা পায়ের হামস্ট্রিং নিয়ে কিছুটা সমস্যায় ভুগছেন। পরবর্তী কিছুদিন তাকে অনুশীলনের চাপ কমানোর পরামর্শ দেয়া হয়েছে। কীভাবে তিনি সেরে উঠেন, তার উপর নির্ভর করবে আগামী কোনদিন খেলবেন।’ আলাভেসের বিপক্ষে অনিশ্চিত আন্দ্রেস ইনিয়েস্তাও। আন্দ্রে গোমেসও আছেন ইনজুরিতে। -সকারওয়ে
ইত্তেফাক/এসএসএ
