বুধবার দেশে ফিরছেন ওয়ালশ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ২০:৩৪
কদিন আগেই পেস বোলিং কোচ হয়ে বাংলাদেশে এসেছেন কোর্টনি ওয়ালশ। মাঝে মাত্র একদিন বাংলাদেশের পেসারদের নিয়ে কাজ করার সুযোগ পেয়েছেন সাবেক এই কিংবদন্তি পেসার। ওই একদিনই কাজ শেষে বুধবার দেশে ফিরে যাচ্ছেন। 
 
তথ্যটি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার সাব্বির খান। কোর্টনি ওয়ালশের দেশে ফিরে যাওয়ার ব্যাপারে সাব্বির খান বলেন, ‘আগামী কাল দেশে ফিরে যাচ্ছেন কোর্টনি। ছুটি শেষে আগামী ১৭ সেপ্টেম্বর ঢাকায় ফিরবেন তিনি।’ ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে ফিরবেন মাশরাফি বিন মুর্তজাদের প্রধান কোচ চান্দিকা হাতুরুসিংহেও।
 
মূলত, ১৭ সেপ্টেম্বর থেকেই বাংলাদেশের পেসারদের নিয়ে আসল কাজ শুরু করবেন কোর্টনি ওয়ালশ। এ যাত্রায় এসেছিলেন অফিসিয়ালি কাজে যোগ দিতে। মাঝে একদিন মাশরাফি-রুবেল-আল আমিনদের নিয়ে কাজ করেছেন সাবেক এই ওয়েস্ট ইন্ডিজ তারকা পেসার। মঙ্গলবারও কাজ করতে পারতেন। কিন্তু এদিন প্রস্তুতি ম্যাচ থাকায় সেটা হয়নি।
 
কাজ করার জন্য ওয়ালশের সময় থাকলেও বাংলাদেশের ক্রিকেটারদের এখন পাবেন না তিনি। কারণ ৭ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর মোট নয়দিন কোরবানির ঈদের ছুটিতে থাকবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তাই ওয়ালশও কাজে যোগ দেয়ার কদিন পরই ছুটি পেয়ে গেলেন। 
 
ইত্তেফাক/এসএসএ