পুলিশের হ্যান্ডকাপ নিয়ে আটক ইয়াবা ব্যবসায়ীর পলায়ন

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ২০:৫৮
ভোলার চরফ্যাশন উপজেলার নীল কমল ইউনিয়নের চরযমুনা গ্রামের ইয়াবা ব্যবসায়ী শাহিন (৩০) মঙ্গলবার থানা পুলিশের হাতে আটকের পর পুলিশের চোখে মরিচের গুড়া নিক্ষেপ করে হ্যান্ড ক্যাপ নিয়ে পালিয়েছে। এসময় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। 
 
আহতরা হলেন- এসআই তারিকুল ইসলাম, এএস আই শামিম ও গভীন্দ । ঘটনাস্থল থেকে শাহিনের সহযোগী ২ নারীকে আটক করেছে পুলিশ। আহত ৩ পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 
 
চরফ্যাশন থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানান, মঙ্গলবার ইয়াবা বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন থানার ওসি’র নেতৃত্বে থানা পুলিশ নীলকমল ইউনিয়নের চরযমুনা গ্রামের  আবদুল খালেক রতন বেপারীর বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে শাহিনকে ইয়াবা বিক্রিকালে আটক করে। এসময় শাহিনের সহযোগী মহিলারা তাকে ছাড়িয়ে নিতে পুলিশের চোখে মুখে মরিচের গুড়া নিক্ষেপ করে। এ সুযোগে আটক শাহিন পুলিশের হ্যান্ড ক্যাপ নিয়ে পালিয়ে যায়। এসময় সেখান থেকে শাহিনের ভাইয়ের বউ নাজমা ও বোন নুপুর বেগমকে পুলিশ আটক করেছে। 
 
এ ঘটনার পর বেলা দেড়টায় চরফ্যাশন থানা পুলিশের সদস্যরা হ্যান্ডক্যাপসহ পালিয়ে যাওয়া আটক শাহিনকে ধরতে এবং খোয়া যাওয়া হ্যান্ডকাপ উদ্ধারে জোড় অভিযানে নামে। বিকেলে এসপি লালমোহন সার্কেল মো. রফিকুল ইসলাম এসে অভিযানে অংশ নেয়। সন্ধ্যা সাড়ে সাতটায় এ রির্পোট লেখা পর্যন্ত পুলিশের হ্যান্ড ক্যাপ উদ্ধার কিংবা পলাতক শাহিনকে ধরতে পারেনি পুলিশ। 
 
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ম. এনামুল হক বলেন, অভিযানে ব্যস্ত আছি পরে ফোন করেন।