শাশুড়ির কিডনিতে বাঁচলো বউমার জীবন

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ২২:১৫
ভারতীয় টিভি সিরিয়াল মানেই বউ-শাশুড়ির দ্বন্দ্ব, কিন্তু বাস্তবে দেশটির রাজধানী দিল্লিতে ঘটলো ঠিক তার উল্টো ঘটনা। ছেলের বউকে নিজের কিডনি দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে পশ্চিম দিল্লির এক বাসিন্দা বিমলা।
 
জুলাই মাসের এই ঘটনা সামাজিক ওয়েবসাইটগুলোতে ভাইরাল হয়ে গেছে পশ্চিম দিল্লির উত্তম নগরে বসবাসকারী ৩৬ বছর বয়সী একজন গৃহবধূ কবিতার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। ডাক্তারের ভাষ্য, একটি কিডনি হলেই তিনি বেঁচে যাবে। মেয়েকে নিজের একটা কিডনি দেবেন বলে হাসপাতালে ভর্তি করা হলেও আচমকা বেঁকে বসেন কবিতার মা। আর তখনই এগিয়ে আসেন তার শাশুড়ি বিমলা!
 
কবিতার কিডনি স্থাপনের জন্য অস্ত্রোপচার করা হয়, বিএলকে সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানকার নেফ্রোলজি বিভাগের প্রধান সুনীল প্রকাশ জানান, এটা কোনও সিনেমার স্টোরি নয়, এটা একেবারেই বাস্তব। এমন ঘটনা বাস্তব জীবনে সত্যিই খুব বিরল। ৬৫ বছর বয়সী শাশুড়ি, বিমলার কিডনিতেই নতুন জীবন পেল কবিতা। প্রকাশ আরও জানান, সফল অস্ত্রোপচারের পর কবিতা এবং বিমলা দুজনেই এখন সুস্থ আছেন। বিমলা এবং কবিতার এই ঘটনা বউ-শাশুড়ি সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেল। এনডিটিভি।