বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে 'লাল কার্ড ক্যাম্পেইন'

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৫৮
বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে দেশের সাতটি জেলার ৬৫টি উপজেলার ১৯৫টি মাধ্যমিক বিদ্যালয়ে আগামীকাল বুধবার থেকে 'লাল কার্ড ক্যাম্পেইন' শুরু হতে যাচ্ছে।
 
স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি)-এর সহায়তায় নির্বাচিত ৭টি জেলার ৬৫টি উপজেলা পরিষদ-এর উদ্যোগে এ ক্যাম্পেইন আয়োজন করা হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার একথা জানানো হয়।
 
বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, এবং স্থানীয় জনসাধারণের সচেতনতা বৃদ্ধি করাই এই ক্যাম্পেইন-এর মূল লক্ষ্য। এই কর্মসূচির মাধ্যমে প্রায় দেড় লাখ শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনসাধারণকে এই সামাজিক সমস্যাসমূহ প্রতিরোধে উদ্বুদ্ধ করা হবে। নির্বাচিত সাতটি জেলা হলো- সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, খুলনা, ব্রাহ্মণবাড়িয়া, বরগুনা ও রংপুর। সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলাধীন জামতৈল ধোপাকান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি দিনব্যাপী কর্মশালার মাধ্যমে এই ক্যাম্পেইন শুরু হবে।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি) ইতোমধ্যে বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন শ্লোগান ও হটলাইন নাম্বারসহ একটি লাল কার্ড তৈরি এবং উপজেলাসমূহে প্রেরণ করে। কর্মশালায় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে এই লাল কার্ডটি বিতরণ করা হবে যাতে বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে তারা ফোন কলের মাধ্যমে দ্রুত স্থানীয় প্রশাসনের সহায়তা নিতে পারে।
 
ইত্তেফাক/এসএস