সাংবাদিক শফিক রেহমান জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় কাশিমপুর কারাগারের পার্ট-২ থেকে তিনি ছাড়া পান। এ সময় কারাফটকে তার স্ত্রী তালেয়া রহমানসহ স্বজনরা উপস্থিত ছিলেন। কারাগার থেকে শফিক রেহমান দ্রুত ঢাকায় ফেরেন। মুক্তির পর শফিক রেহমানকে রাজধানীর বারডেম হাসপাতালে নেয়া হয়।
গত ১৬ এপ্রিল ইস্কাটন গার্ডেন রোডের নিজ বাসা থেকে গ্রেপ্তার হন শফিক রেহমান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যাচেষ্টা পরিকল্পনার অভিযোগে দায়ের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ২৭ এপ্রিল শফিক রেহমানকে দুই দফায় ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রিমান্ড শেষে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখান ধেকে ওইদিন রাতেই তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। ২৫ মে এ মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন শফিক রেহমান।
এর আগে ঢাকা মহানগর দায়রা জজ আদালত এ মামলায় শফিক রেহমানের জামিন নাকচ করেন। গ্রেপ্তারের সময় শফিক রেহমানের ইস্কাটনের বাড়িতে তল্লাশি চালিয়ে জয় সংক্রান্ত কিছু তথ্য ও গোপনীয় নথিপত্র পাওয়া গেছে বলে গোয়েন্দা পুলিশ জানান তখন।
