'নওয়াজের কাতারে কোনদিনই আসতে পারবে না হৃতিক'

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১২:৪২
সালমান খানের ভাই সোহেল খান সম্প্রতি হৃতিক রোশন ও নওয়াজউদ্দিন সিদ্দিকির মধ্যে তুলনা করেছেন। তবে এই প্রশংসাকে বাড়াবাড়ি ভাবছেন অনেকেই।
 
বহুদিন পর আবার সোহেল ছবি পরিচালনায় হাত দিয়েছেন‚ ছবির নাম 'ফ্রিকি আলি'। এতে মুখ্য ভূমিকায় আছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং এমি জ্যাকসন। ইতোমধ্যে এই ছবির প্রচার শুরু হয়ে গেছে। সম্প্রতি ছবির প্রচার চালানো হয় দুবাইতে। সেখানে সালমানও উপস্থিত ছিলেন। 
 
নওয়াজউদ্দিনের কাজে সোহেল যারপরনাই খুশি। অবশ্য হবে নাই বা কেন? নওয়াজের মতো মেধাবী অভিনেতা কমই আছে। কিন্তু নওয়াজউদ্দিনের প্রশংসা করতে গিয়ে সোহেল সবার সামনেই বলেন, হৃতিক রোশন কোনদিনই নওয়াজউদিন সিদ্দিকির মতো ভালো অভিনেতা হতে পারবেন না।
 
সোহেলের ভাষায়, 'নওয়াজ যদি একটু চেষ্ট করে তাহলে তিন বছরেই হৃতিক রোশনের মতো হতে পারবে। কিন্তু হৃতিক রোশন ১০ বছর ধরে চেষ্টা করলেও কোনদিন নওয়াজউদ্দিন সিদ্দিকির মতো হতে পারবে না।'
 
বি-টাউনে কারোর সালমান ও হৃতিকের সম্পর্কের কথা জানতে বাকি নেই। বহুদিন ধরেই দুজনের মধ্যে শত্রুতা। সঞ্জয় লীলা বনশালির 'গুজারিশ' ছবি মুক্তি পাওয়ার পর সালমান বলেছিলেন, ওই ছবিটা দেখতে একটা মাছি অবধি সিনেমা হলে যায়নি। অর্থাৎ ছবিটা এতটাই বিরক্তিকর ছিল যে, সেই সিনেমা দেখতে কেউ যায়নি। 
 
সালমানের এই মন্তব্য মোটেই ভালো ভাবে নেননি হৃতিক এবং সঞ্জয় লীলা। এরপর থেকেই হৃতিক সালমানকে এড়িয়ে চলেন। আর আজ অবধি সালমান এবং সঞ্জয় লীলার সম্পর্ক তিক্ত হয়ে আছে। যাই হোক, সম্প্রতি শোনা যাচ্ছিল, সালমান আর হৃতিক নাকি পুরনো কথা ভুলে নতুন বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করছেন। কিন্তু সোহেল খানের বক্তব্য থেকে স্পষ্ট হয়ে গেল‚ সালমান-হৃতিকের সম্পর্ক এখনো আগের মতোই আছে।
 
ইত্তেফাক/এএম