সন্ত্রাস দমনে এশিয়াকে সহায়তা করবে অস্ট্রেলিয়া

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২৪
দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলে সন্ত্রাস প্রতিরোধে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। লাওসে আসিয়ান সম্মেলনে নেতাদের সঙ্গে এ নিয়ে আলোচনা করার কথা রয়েছে টার্নবুলের।
 
এদিকে বিতর্কিত দক্ষিণ চীন সাগরে আবারো জাহাজ পাঠিয়েছে চীন। বুধবার আসিয়ান সম্মেলন শুরুর আগে এ নিয়ে একটি ছবি প্রকাশ করেছে ফিলিপাইন।
 
অস্ট্রেলিয়ার সন্ত্রাসবিরোধী পরিকল্পনাকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও অন্যান্য দেশে সম্প্রসারিত করার ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী টার্নবুল। সিডনি ও মেলবোর্নে ইসলামিক স্টেটের ‘শিকারি নেকড়ের’ মতো হামলা চালানোর ঘোষণা আসার পর টার্নবুল এ কথা বলেন।
 
প্রধানমন্ত্রী টার্নবুল বলেছেন, আইএসের এমন হুমকি তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। আইএস ইরাক ও সিরিয়ায় ক্রমেই যুদ্ধক্ষেত্রে পরাজিত হচ্ছে। তিনি বলেন, বিদেশি জঙ্গিদের ঠেকাতে তার সরকার ব্যবস্থা নিচ্ছে। এসব জঙ্গিকে অস্ট্রেলিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো থেকে নেওয়া হয়েছে বলে জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী ২০০২ সালে ইন্দোনেশিয়ায় বালি হামলার কথা উল্লেখ করেন। এ হামলায় ৮৮ জন অস্ট্রেলীয় ও ২৭ জন ব্রিটিশসহ মোট ২০২ জন নিহত হয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেন, যখনই এ অঞ্চলে হামলা হয়েছে তখনই খুব বড় পরিসরেই হয়েছে। তাই আমাদের উচিত সামনের কিছুদিন সন্ত্রাস নিয়ে অকপট ও গঠনমূলক আলোচনা চালানো।
 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আসিয়ান সম্মেলনে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার সম্মেলনটি শেষ হবে। -বিবিসি ও আলজাজিরা