হ্যামিলনের সেলফিওয়ালা!

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২৯
 
 
ম্যাক ভাই ( প্রখ্যাত রক লিজেন্ড মাকসুদুল হকের জনপ্রিয় সংক্ষেপ নাম ) য়ের অদ্ভুত এক সেলফী তোলার স্টাইল! ডান হাতে সেল ফোনটা ধরে রাউন্ড শেপে শুধু ক্লিক করে যেতে থাকেন। নিউইয়র্কে  গত ৭ সেপ্টেম্বর মাকসুদ ভাই ও তার ব্যান্ডদলের সৈন্য বাহিনীর বিদায়ী নৈশ ভোজ শেষে আমি ম্যাক ভাই, ‘মাকসুদ ও ঢাকা’র প্রমোটার তানভীর শাহিন, সাকি ভাইকে নিয়ে একখান সেলফি ক্লিক করতেই তিনি বললেন, ‘তানভীর আমাকে দে আমি তুলছি। দ্যাখ, কিভাবে সেলফি তুলতে হয়!’
এ কথা বলেই রাউন্ড করে ঘুরতে থাকেন, সাথে থাকা আমরা অর্থাৎ সেলফীতে অংশ নেয়া সবাইকে তার মতো করে ঘুরতে হয়। তিনি যত দ্রুত পারেন ক্লিক করতে থাকেন। ক্লিক শেষে সেল ফোন দিয়ে বললেন, ‘এই নে, এবারে যেটা বেস্ট ক্যাপচার হয়েছে, সেটা পোস্ট দে।’
 
IMG0
মাকসুদ ভাই ইদানিং নিজের সেলফিতে ‘সেলফীকিং’ হিসেবে হ্যাশট্যাগ যুক্ত করেন এফবিতে ! আর আমি তার নাম দিয়েছি হ্যামিলনের সেলফিওয়ালা! 
মাকসুদ ভাই জীবন রসিক মানুষ সবসময়। অনেক সময়ই অতি বিদ্বান মানুষেরা নিজের অবাক খামখেয়ালে নিজের মতো করে ছেলেমানুষি করতে থাকেন। মাকসুদ ভাইয়ের ক্ষেত্রেও একই ঘটনা। যুক্তরাষ্ট্রে টানা ৪২ দিনের ভ্রমন শেষ হলো তার গত ৭ সেপ্টেম্বর। তবে কোনো রকম জরিপ ছাড়াই বলা যায়, এবারের ট্যুরে এই ৪২ দিনে মাকসুদুল হক  যতগুলো সেলফি তুলেছেন সারাজীবনেও তিনি এত সেলফি এত ফেসবুক পোস্ট দেননি!
 বিদায়ী নৈশভোজের আয়োজনে তাই মাকসুদ ও ঢাকার প্রমোটার বন্ধু তানভীর শাহিন ব্যস্ত নিউইয়র্কের এক চাইনিজ রেস্তোরায়। সেখানে মাকসুদ ও ঢাকা’র সকল সদস্যদের বাইরে ছিলেন নিউইয়র্কের প্রখ্যাত সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব হাসানুজ্জামান সাকীসহ মাকসুদ ভাইয়ের অন্যান্য বন্ধুসকল। 
 
IMG1
এই টানা সফরের অভিজ্ঞতা প্রসঙ্গে জানতে চাইলে দেশের এই কিংবদন্তী বাউলিয়ানা মাকসুদুল হক বলেন, ‘আসলে এবারের সফরটা আমাকে পূর্ণাঙ্গ করেছে। কারণ একটি ব্যান্ডদল নিয়ে আমেরিকার মতো রাষ্ট্রের একাধিক স্টেটে স্টেজ শো থেকে শুরু করে টিভি শো এবং এত এত ফান-ঘোরাঘুরি এটা কখনও এই যৌথরাষ্ট্রের শহরে আমি করিনি। এ শহরে একাধিকবার এসেছি, কিন্তু এবারের ট্যুরটি সত্যিকার অর্থেই স্মরণীয় হয়ে থাকবে। 
অন্যদিকে মাকসুদ ও ঢাকার প্রমোটার সখিরে খ্যাত কন্ঠশিল্পী তানভীর শাহিন বলেন, ‘এবারের ট্যুরটি মূলত মাকসুদ ও ঢাকাকে নিয়ে আমার একটি ক্যাম্পেইন। আগামী বছরের বৈশাখে আবারো মাকসুদ ও ঢাকাকে নিয়ে একটি যুক্তরাষ্ট্রের কয়েকটি স্টেটে শো করার প্ল্যান রয়েছে।’