ইত্তেফাকে প্রকাশিত সংবাদে মিলল বয়স্ক ভাতার কার্ড

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৪৩
অবশেষে সরকারের বয়স্ক ভাতার কার্ড পেয়েছেন ১০৩ বছর বয়সী মোনছের আলী। ইত্তেফাকে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে তাকে বয়স্ক ভাতার কার্ড দেয়া হল।  
 
শাহজাদপুরে সিরাজগঞ্জের বাসিন্দা মোনছের আলীকে নিয়ে গত ২৪ আগস্ট ‘১০৩ বছর বয়সেও বয়স্ক ভাতার কার্ড পাননি মোনছের আলী’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, বেঁচে থাকার তাগিদে লাঠির ওপর ভর করে ধীরে ধীরে এ বাড়ি ও বাড়ি ঘুরে ঘুরে ভিক্ষা করে দিন কাটান শাহজাদপুর পৌরসভার পুকুর পাড় মহল্লার বাসিন্দা মোনছের আলী (১০৩)। হত দরিদ্র মোনছের আলীর ১০৩ বছর বয়স হলেও তার কপালে জোটেনি বয়স্ক ভাতার একখানা কার্ড।
 
 
এমনকি কেউ তাকে দেয়নি একটি ভিজিডি কার্ডও। ফলে নিরুপায় হয়ে তিনি ভিক্ষা করে খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করছেন। শতবর্ষী মোনছের আলী জানিয়ে ছিলেন  বয়স্ক ভাতার জন্য প্রায় ২৫/৩০ বছর ধরে কত মেম্বর, কাউন্সিলরদের দ্বারে দ্বারে ঘুরেছি। কিন্তু কারো কোনো সাড়া পাইনি।
 
অবশেষে ইত্তেফাকে প্রকাশিত সেই প্রতিবেদন মানবাধিকার কমিশনের নজরে আসলে তারা মোনছের আলীর জন্য বয়স্ক ভাতার কার্ডের ব্যবস্থা করে। বুধবার মানবাধিকার কমিশন থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইত্তেফাকে প্রকাশিত এ সংবাদের প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসন, শাহজাদপুর, সিরাজগঞ্জকে নির্দেশনা দিলে উপজেলা নির্বাহী অফিসার এবং সমাজ সেবা বিভাগের কর্মকর্তাগণ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তাকে গত ৪ সেপ্টেম্বর বয়স্ক ভাতার কার্ড দেয়া হয়েছে।
 
ইত্তেফাক/এসএসএ