নরসিংদীতে ডিবি পুলিশ হেফাজতে মোহাম্মদ আলী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ডিবির ওসি সাইদুর রহমান জানান, ডিবি পুলিশের এসআই খোকন চন্দ্র সরকার বুধবার দুপুরে মোহাম্মদ আলীকে ১১০ পিস ইয়াবসহ বেলাব উপজেলার দেওয়ানেরচর গ্রাম থেকে আটক করে। মোহাম্মদ আলী মাদকাসক্ত ছিল। আটকের পর তার হার্ট অ্যাটাক হয়। তাৎক্ষণিকভাবে তাকে নরসিংদী জেলা হাসপাতালে নেয়ার পর সেখানে তার মৃত্যু ঘটে। মোহাম্মদ আলী বেলাব উপজেলার দেওয়ানেরচর গ্রামের জহিরুল ইসলামের পুত্র।
মোহাম্মদ আলীর স্ত্রী ফাতেমা বেগম অভিযোগ করেন, বুধবার দুপুরে গ্রামের একটি কনফেকশনারি থেকে তার স্বামীকে ধরে নিয়ে যায় ডিবি পুলিশ। পরে নির্যাতনে তার মৃত্যু হয়।
নরসিংদী জেলা হাসপাতালের আরএমও মিজানুর রহমান জানান, ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।
ইত্তেফাক/ইউবি
