নাশকতার অভিযোগে আনা পাঁচ মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ বুধবার এ আদেশ দেয়। আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল রুনা নাহরীন।
আসামীপক্ষে এডভোকেট সগীর হোসেন লিওন সাংবাদিকদের রুহুল কবির রিজভীর জামিনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রমনা থানায় আরো একটি মামলা থাকায় রিজভী আহমেদ এখনই মুক্তি পাচ্ছেন না।
উল্লেখ্য, ২০১৩ ও ২০১৫ সালে রাজধানীর পল্লবী, মতিঝিল, রমনা ও খিলগাঁও থানায় রিজভীর নামে এসব মামলা হয়। এই পাঁচ মামলায় গত ১৮ আগস্ট আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন রিজভী। ওইদিন ঢাকা মহানগর দায়রা জজ তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর নিম্ন আদালতে জামিন খারিজের আদেশের বিপক্ষে গত ৫ সেপ্টেম্বর হাইকোর্টে জামিন আবেদন করেন রিজভী। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন। -বাসস।
ইত্তেফাক/এসএস
