বিচারপতি গোবিন্দের স্বজনদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ২১:২১
উচ্চ আদালতের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নে বসবাসরত স্বজনদেরকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পুলিশের আইজি, জেলা পুলিশ সুপার, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশের এসআই সদানন্দ বৈদ্যকে এই নির্দেশ দেয়া হয়েছে। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি জেএন দেব চৌধুরীর ডিভিশন বেঞ্চ বুধবার এই আদেশ দেন।
 
কদমবাড়ী ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয়দের নানা অভিযোগের বিষয়টি জানানোর পরও প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি বলে আদালতে উষ্মা প্রকাশ করেছিলেন বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর। এরপর ওই চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন বেশ কয়েকটি মামলা করে। মামলা হওয়ার পর মানববন্ধনের আয়োজন করে ওই চেয়ারম্যান।
 
সম্প্রতি বিচারপতির বিরুদ্ধে মানববন্ধন আয়োজনের পর সেই ছবি নিজের ফেসবুকেও পোস্ট করার অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় কদমবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান বিধান বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী মোশতাক আহমেদ এবং দক্ষিণ কেরানীগঞ্জের বাসিন্দা মো. ইশতিয়াক আহমেদ মানববন্ধনের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন।
 
রিটের পক্ষে শুনানি করেন সিদ্দিকুর রহমান খান। শুনানি শেষে হাইকোর্ট মানববন্ধনে অংশগ্রহণকারী ৩৭ জনের সম্পর্কে বিস্তারিত তথ্য জমা দিতেও স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে । এছাড়া এক বিচারপতির কর্তৃত্ব, সম্মান ও মর্যাদাকে হেয় করে বেআইনি সমাবেশ (মানববন্ধন) ঠেকাতে বিবাদীদের ব্যর্থতাকে কেন পেশাগত ও দায়িত্বে অবহেলা হিসাবে ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।