আয়ারল্যান্ড সফররত বাংলাদেশের মেয়েদের দলের পিছু নিয়েছে বৃষ্টি। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টির বাঁধা এড়িয়ে সংক্ষিপ্ত আকারে অনুষ্ঠিত হলেও দ্বিতীয় ম্যাচ মাঠেই গড়াতে পারেনি।
এই বৃষ্টির হুমকি মাথায় নিয়েই বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় ব্রিডিতে দুই ম্যাচ ওয়ানডের প্রথমটি খেলবে আয়ারল্যান্ড ও বাংলাদেশ। ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও সফরের শেষ ম্যাচ।
দুই ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি খেলতে এই মাসের শুরুতে আয়ারল্যান্ড সফরে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গত ৫ সেপ্টেম্বর প্রথম টি-টোয়েন্টিতে ৬ রানে হারে বাংলাদেশ। বৃষ্টিতে খেলা হয় ১০ ওভারের। তাতে আগে ব্যাট করা আইরিশরা ৮ উইকেটে ৫৪ রান তুলতে পারে। খাদিজাতুল কুবরা নেন ৩ উইকেট। জবাব দিতে নেমে ৬ উইকেটে ৪৮ রানের বেশী করতে পারেনি বাংলাদেশ।
এই হারের প্রতিশোধ নেওয়া হয়নি বৃষ্টির কারণেই। দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়ানোরই সুযোগ না পাওয়ায় সিরিজ হার মেনে নিতে হয়েছে বাংলাদেশকে। আর এই হারের প্রতিশোধ নিতেই আজ থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজে আরেকটা সুযোগ পাচ্ছে সফরকারীরা।
ইত্তেফাক/এসএসএ
