ভুটানের বিপক্ষে ঘরের ম্যাচে জয় পায়নি বাংলাদেশ। হতাশ বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন চেয়েছিলেন ঈদের কোনো ছুটি না দিয়ে আগামী ১০ অক্টোবরের আগ পর্যন্ত জাতীয় দলের অনুশীলন চলবে।
বুধবার সকালেই ফোন করে একটা বড় দলের ডাইরেক্টর ইনচার্জকে ফোন করে অনুরোধ করেছিলেন প্রয়োজনে এখন লিগটা বন্ধ রেখে হলেও জাতীয় দলের অনুশীলনটা হোক। ভুটানের ম্যাচটা শেষ করে না হয় খেলা শুরু হবে।
কিন্তু সেই ডাইরেক্টর ইনচার্জ না করে দিলেন। বাধ্য হয়ে জাতীয় দলের কোচিং স্টাফদের ছুটি দিয়ে দিয়েছেন বাফুফের সভাপতি। বুধবার কোচিং স্টাফদের স্যালারি ৩০ হাজার ডলার দিয়ে বিদায় দেয়া হয়েছে। সদ্য বাবা হওয়া বেলজিয়ান কোচ টম সেইন্টফিট আজ চলে যাচ্ছেন ছুটি কাটাতে। বললেন,‘আমার বাবুকে দেখতে যাচ্ছি।’
ঢাকায় লিগের খেলা শুরু হবে ১৯ সেপ্টেম্বর। তখনই আসবেন টম সেইন্টফিট। এসে খেলা দেখবেন। খেলোয়াড় বাছাই করবেন। কারো যদি ৩০ বছরও হয় সে ভালো খেলে তাকেও নিতে রাজি টম সেইন্টফিট। হন্যে হয়ে খেলোয়াড় খুঁজছেন এই কোচ।
পরশু রাতে ভুটানের বিপক্ষে গোল শূন্য ড্র করার পর সংবাদ সম্মেলন শেষে বলছিলেন, ‘তোমাদের কাছে ভালো খেলোয়াড়দের খবর থাকলে জানিও। আমি নতুন খেলোয়াড় খুঁজছি। স্ট্রাইকার, মিডফিল্ড আমি নেবো। অন্যরাও আসতে পারে।’ ভুটানের বিপক্ষে ফিরিত ম্যাচটা উতরে যেতে পারলে দীর্ঘমেয়াদী অনুশীলন ক্যাম্প করাতে চান বেলজিয়ান কোচ।
ইত্তেফাক/এসএসএ
