ভারত ও শ্রীলঙ্কা এই প্রস্তাব বাতিলের পক্ষে যোগ দেওয়ার পর থেকে আইসিসি দুর্বল হয়ে পড়েছিল। গতকাল বুধবার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়ে আইসিসি নিশ্চিত করলো যে, দ্বিস্তর টেস্ট নিয়ে তাদের যে পরিকল্পনা, সেটা তারা প্রত্যাহার করেছে। ফলে বাংলাদেশের নিচের স্তরে টেস্ট খেলার শঙ্কাটা কেটে গেল।
গতকাল এই সংবাদ পাওয়ার পর উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, তারা গত কিছুদিন ধরেই আত্মবিশ্বাসী ছিলেন যে, এই প্রস্তাবনা টিকবে না। বলেন, ‘অবশ্যই, এটা তো খুবই সুখবর আমি বলব। আপনারা জানেন প্রথম থেকেই বাংলাদেশ এটার প্রতিবাদ করে আসছিল। ভারত আমাদের সাথে ছিল, শ্রীলঙ্কা আমাদের সাথে ছিল। আমরা মোটামুটি একটু আত্মবিশ্বাসী ছিলাম। আমরা নিশ্চিত ছিলাম এটা হলে আমাদের জন্য ভালোর কিছু নেই। খারাপই হতে পারে। কাজেই আমরা প্রথম থেকেই প্রতিবাদ করে আসছিলাম। যখন ভারত আমাদের সাথে চলে আসে তখন প্রতিবাদটা আরো শক্তিশালী হয়ে যায়। আমরা মোটামুটি আত্মবিশ্বাসী ছিলাম এটা হচ্ছে না। আজ অফিসিয়ালি আইসিসি যে জানিয়েছে এটার জন্য সত্যিই আমি খুব আনন্দিত। অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমাদের ক্রিকেট আর যাচ্ছে না।’
আন্তর্জাতিক ক্রিকেটের ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখে টেস্ট ক্রিকেটকে টিকিয়ে রাখা ও আরো জনপ্রিয় করতে এটিকে দুই স্তরে ভাগ করার কথা ভাবছিল আইসিসি। এ ছাড়াও দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজগুলো আরো অর্থবহ করতে ভাবনা আছে ১৩ দল নিয়ে ওয়ানডে লিগ চালু করার। দ্বিস্তর কাঠামোয় টেস্ট র্যাঙ্কিংয়ের সেরা সাত দল প্রথম স্তরে থাকার কথা ছিল। শেষ তিন দল এবং নতুন দুটি টেস্ট খেলুড়ে দেশের দ্বিতীয় স্তরে।
পাপন বলেন, ‘আগে যেটা ছিল না এবার জিম্বাবুয়েও আমাদের সাথে ছিল। আমরা কিন্তু দলে বেশ শক্তিশালীই ছিলাম। আর যখন ভারত চলে এলো তখন আর আমি এটা নিয়ে অতোটা চিন্তিত ছিলাম না।’
ইত্তেফাক/এএন
