ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম বলেন, ‘স্বপ্ন দেখা ভুলবেনা, ইতিবাচক স্বপ্নই তোমাদের আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ায় কারিগর তৈরী করতে পারে।’
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সোশ্যাল গুড সামিটে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। তিনি ইনফোগ্রাফিকের মাধ্যমে অনেক বিশাল তথ্যকে সুন্দরভাবে উপস্থাপন নিয়ে তরুণদের আরো উৎসাহ নিয়ে কাজ করার আহবান জানান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম, ইউএনডিপি বাংলাদেশএবং ঢাকা বিশ্ববিদ্যালয়-এর যৌথ আয়োজনে এই সামিট উদযাপিত হয়।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম, ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নিক বেরেস্ফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মফিজুর রহমান।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
‘Connecting today, Creating tomorrow’ এ স্লোগানকে সামনে রেখে জাতিসংঘের অন্যান্য সদস্য দেশসমূহের পাশাপাশি বাংলাদেশেও চতুর্থবারের মতো সোশ্যাল গুড সামিট ২০১৬ আয়োজন করা হয়েছে।
নিউ মিডিয়া ও সামাজিক যোগাযোগের মাধ্যম তথা নতুন প্রযুক্তির মাধ্যমে সামাজিক সমস্যার সমাধানসহ সামাজিক উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে জনগনের চাহিদা ও সমস্যাসমূহ তুলে আনা এ আয়োজনের লক্ষ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন আঙ্গিনায় সকাল থেকে শিল্প, সাহিত্য, ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সফল তারকাদের অংশগ্রহণে তরুণদের মিলন মেলায় পরিণত হয়। এই সামিটের মাধ্যমে সুশীল সমাজের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তিবিদ, উদ্যোক্তা এবং তরুণরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জনগনের সমস্যা সমাধানে তাদের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন। এছাড়া বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানের লক্ষ্যে তরুণ উদ্ভাবকদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পসমূহ সকাল থেকে সামিট প্রাঙ্গনে প্রদর্শন করা হয়।
এছাড়াও ইউএনডিপি এবং ইউএসএইড এর কারিগরি সহায়তায় একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত কয়েক মাস যাবত যৌথভাবে ইনফোগ্রাফিক প্রতিযোগিতার আয়োজন করেছে। জনগনের দোরগোড়ায় স্বল্প ব্যয়ে, কম খরচে এবং কম সময়ে বিভিন্ন সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে আয়োজিত ইনফোগ্রাফিক প্রতিযোগিতার বিজয়ীদের পুরষ্কৃত করা হয়। সর্বমোট ৬০০ এর অধিক প্রতিযোগী বিভিন্ন ধাপে প্রতিযোগিতা করে তাদের মধ্য থেকে ৩ টি টিমের৯ জনকে পুরষ্কৃত করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এর জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা, মনিটরিং এন্ড ইভালোশন এনালিস্ট রমিজ উদ্দিনসহ এটুআই, ইউএনডিপি বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দ্ধতন কর্মকর্তাগণ ও বিভিন্ন গণমাধ্যম কর্মী এসময় উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমএইচ
