বুবলীর অন্যরকম ঈদ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১১:১০
বুবলীর জীবনের এবারের ঈদ একটু অন্যরকম হয়ে এসেছে। ঈদেই মুক্তি পাচ্ছে বুবলী অভিনীত দুটি সিনেমা। একটি ‘বসগিরি’, অন্যটি ‘শুটার’। তবে এখনো ‘বসগিরি’ নিশ্চয়তা না পেলেও ‘শুটার’ মুক্তি পাচ্ছে নিশ্চিত। মাত্র কয়েকমাসেই যেন বুবলীর জীবনের হিসাব-নিকাশ বদলে গেল। ছিলেন সংবাদ পাঠিকা, হয়ে গেলেন নায়িকা।
 
দেশের শীর্ষ নায়ক শাকিব খানের সংবাদ পাঠিকা বুবলীকে ভালোলাগায় নায়িকা হিসেবে নিজের বিপরীতে চেয়েছিলেন। কিন্তু বুবলীর পরিবার থেকে কোনোভাবেই সম্মতি পাওয়া যাচ্ছিল না। তবে শেষ পর্যন্ত বুবলী হয়ে যান নায়িকা। শামীম আহমেদ রনির নির্দেশনায় ‘বসগিরি’ সিনেমার নায়িকা হিসেবে শাকিব খানের সঙ্গেই প্রথম সিনেমায় অভিনয় করেন বুবলী। শুধু তাই নয়, প্রথম সিনেমায় বুবলী তার নিজের নামেই দর্শকের সামনে উপস্থিত হচ্ছেন।
 
ঘটনা এখানেই শেষ নয়, শাকিব খান নিজে উদ্যোগী হয়ে ‘বসগিরি’-তে বুবলীকে বিশেষ উপহার হিসেবে দিয়েছেন ‘বুবলী’ শিরোনামের একটি গান। গানটি লিখেছেন কবির বকুল ও সুর-সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। ‘বুবলী’ শিরোনামের টিজিং সংটি গেয়েছেন এস আই টুটুল। এরমধ্যে বুবলীর প্রথম সিনেমা ‘বসগিরি’ মুক্তির চূড়ান্ত প্রস্তুতিও নেওয়া শেষ। আবার তার দ্বিতীয় সিনেমা রাজু চৌধুরী পরিচালিত ‘শুটার’ও আসছে ঈদে মুক্তি পাচ্ছে। এই সিনেমাতেও বুবলীর নায়ক শাকিব খান। দেশের চলচ্চিত্রের ইতিহাসে সংবাদ পাঠিকা থেকে নায়িকা হওয়ার ঘটনা এটাই প্রথম। সেইসঙ্গে ক্যারিয়ারের শুরুতেই দুই সিনেমায় অভিনয় করে দুই সিনেমা নিয়েই ঈদে দর্শকের কাছে হাজির হওয়া, এটাও প্রথম।
 
এসব নানা বিষয় নিয়ে চিত্রনায়িকা বুবলী এখন বেশ উচ্ছ্বসিত, আনন্দিত। অপেক্ষা শুধু এখন সেই মাহেন্দ্রক্ষণের। অপেক্ষা রাজধানীর বিভিন্ন সিনেমা হলে গিয়ে নিজের অভিনীত সিনেমা দর্শকের সঙ্গে বসে উপভোগ করার, সেইসঙ্গে দর্শকের রেসপন্স কাছে থেকে দেখার।
 
ইত্তেফাক/এমএইচ