মূলত আজ বৃহস্পতিবার থেকেই পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হচ্ছে। সরকারি চাকুরেদের পাশাপাশি ঢাকার সাভার-আশুলিয়া অঞ্চলের বেশিরভাগ পোশাক কারখানায় আজই ছিল শেষ কর্মদিবস। হাইওয়ে পুলিশ ও ইত্তেফাকের প্রতিনিধিদের ধারণা, এ জন্য সন্ধ্যা ছয়টার পর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হতে পারে। এদিকে যানজট ঠেকাতে তত্পর রয়েছে হাইওয়ে পুলিশও। এই মহাসড়কে যানজট রোধে কাজ শুরু করেছেন কমিউনিটি পুলিশের সহস্রাধিক সদস্য।
IMG0
সাভার থেকে দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার জানান, বিকেল চারটা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সাভার অংশে তেমন কোনো যানজট ছিল না। তবে পাঁচটার পর ছুটি হচ্ছে এ এলাকার বেশিরভাগ পোশাক কারখানা। পোশাকশ্রমিকরা সন্ধ্যার পরই বাড়ির উদ্দেশে রওনা করতে পারেন। সেক্ষেত্রে এই সড়কে কিছুটা স্বাভাবিক যানজটের সৃষ্টি হবে।
বিকেল চারটার দিকে ভুয়াপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, করটিয়া বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পর্যন্ত যানচলাচল মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে রাস্তায় গাড়ির চাপ রয়েছে।
IMG1
তিনি আরো জানান, মঙ্গলবার রাত থেকে বেশ যানজট ছিল। সেই তুলনায় আজকে কিছুটা স্বাভাবিক।
একই সময় কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা জানান, বাইপাইল-চন্দ্রা থেকে টাঙ্গাইলের পাকুল্লা পর্যন্ত তেমন কোনো যানজট নেই। মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। তবে পুলিশের ধারণা সন্ধ্যার পর যানজট বাড়তে পারে।
কোনাবাড়ী হাইওয়ে পুলিশের ওসি বলেন, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আজ সকাল থেকে পুলিশের প্রায় এক হাজার সদস্য দায়িত্ব পালন করছেন। যানজট নিরসনে কমিউনিটি পুলিশের ১ হাজার ২০০ সদস্য ভোর থেকে কাজ করছেন।
ইত্তেফাক/এএম।
